Kolkata Metro: শুক্রবার সব লাইনে কম চলবে মেট্রো, আগেই জানাল কর্তৃপক্ষ, সময়ের কি পরিবর্তন হচ্ছে? | Metro services will be reduced next Friday Muharram
কলকাতা: আগামী শুক্রবার মহরম। সেই উপলক্ষে রয়েছে সরকারি ছুটি। তাই ওইদিন কলকাতার মেট্রো পরিষেবায় কিছু পরিবর্তন আনা হয়েছে। মেট্রোর তরফে জানানো হয়েছে, ওই দিন ব্লু লাইন, গ্রিন লাইন এবং ইয়েলো লাইনে অন্যান্য সপ্তাহের দিনগুলোর তুলনায় কম ট্রেন চলবে। তবে স্বস্তির বিষয় এই যে, প্রতিটি লাইনেই প্রথম এবং শেষ ট্রেনের সময়সূচিতে কোনও পরিবর্তন করা হচ্ছে না।
কোন লাইনে ক’টি মেট্রো চলবে?
ব্লু লাইন (দক্ষিণেশ্বর – কবি সুভাষ): প্রতিদিন এই লাইনে ২৬০টি ট্রেন চলে। সেখানে শুক্রবার ২১৬টি পরিষেবা পাওয়া যাবে।
গ্রিন লাইন (সেক্টর ফাইভ – শিয়ালদহ / হাওড়া ময়দান – এসপ্ল্যানেড): রোজ এই লাইনে ২২৮টি মেট্রো চলে। তবে মহরমের দিন ১৮৬টি ট্রেন চালানো হবে।
ইয়েলো লাইন (নোয়াপাড়া – বারাসাত ভায়া বিমানবন্দর): এই লাইনে সাধারণত ১২০টি ট্রেন চললেও, শুক্রবার চলবে ৯২টি ট্রেন। এছাড়া, জয় হিন্দ বিমানবন্দর (দমদম ক্যান্টনমেন্ট) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত সরাসরি চলা ৭টি ট্রেনের পরিবর্তে মাত্র ৪টি ডিরেক্ট সার্ভিস মিলবে।
পার্পল ও অরেঞ্জ লাইনে কী পরিবর্তন?
মেট্রো কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে যে, জোঁকা-তারাতলা (পার্পল লাইন) এবং কবি সুভাষ-হেমন্ত মুখোপাধ্যায় (অরেঞ্জ লাইন) রুটের ট্রেন পরিষেবায় কোনও রকমের পরিবর্তন করা হচ্ছে না। এই দুটি লাইনে অন্যান্য ছুটির দিনের মতোই স্বাভাবিক নিয়ম মেনে ট্রেন চলাচল করবে।