SpaceX-এর সঙ্গে AI সহযোগিতা নিয়ে আলোচনা, ২০% বাড়ল এই স্মল-ক্যাপ স্টক
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ক্ষেত্রকে ঘিরে বড় ঘোষণার পর সোমবার বাজারে নজর কেড়েছে ব্লু ক্লাউড সফ্টটেক সলিউশনসের শেয়ার। ইলন মাস্কের সংস্থা স্পেসএক্স ইন্টারন্যাশনাল লিমিটেডের সঙ্গে AI প্রযুক্তি ক্ষেত্রে সম্ভাব্য ব্যবসায়িক সুযোগ খতিয়ে দেখার কথা জানাতেই সংস্থার শেয়ার দর ২০ শতাংশ আপার সার্কিট ছুঁয়ে ২১.৬৭ টাকায় পৌঁছয়।
শুধু শেয়ার দরের উত্থানই নয়, লেনদেনের পরিমাণেও উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গিয়েছে। বিএসই-তে প্রায় ১ কোটি শেয়ার হাতবদল হয়েছে। যেখানে গত এক সপ্তাহে গড় দৈনিক লেনদেন ছিল প্রায় ৮ লক্ষ শেয়ার এবং এক মাসের গড় ছিল প্রায় ৯ লক্ষ শেয়ার।
২২ জুন স্টক এক্সচেঞ্জে জমা দেওয়া নথিতে ব্লু ক্লাউড সফ্টটেক জানিয়েছে, স্পেসএক্স ইন্টারন্যাশনাল লিমিটেডের সঙ্গে AI প্রযুক্তি সংক্রান্ত সম্ভাব্য ব্যবসায়িক সুযোগ নিয়ে প্রাথমিক পর্যায়ের আলোচনা চলছে। তবে এখনও কোনও বাধ্যতামূলক বা চূড়ান্ত চুক্তি হয়নি। আপাতত দুই পক্ষের মধ্যে তথ্য বিনিময় এবং সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রগুলি মূল্যায়নের জন্য একটি কাঠামো তৈরি করা হয়েছে।
সংস্থার দাবি, AI এবং ডিজিটাল প্রযুক্তির চাহিদা দ্রুত বাড়ছে। সেই কারণেই ভবিষ্যতে সম্ভাব্য সহযোগিতার সুযোগ ও তার বাস্তবায়ন করার যোগ্যতা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে ডিজিটাল পরিকাঠামো এবং প্রযুক্তি ক্ষেত্রের কৌশলগত সুযোগ অনুসন্ধানের দিকেও নজর রয়েছে বলে জানিয়েছেন ব্লু ক্লাউড সফ্টটেক কর্তৃপক্ষ।
তবে ব্লু ক্লাউড সফ্টটেকের শেয়ার দরে সাম্প্রতিক কালে মিক্সড পারফরম্যান্স দেখা গিয়েছে। গত এক মাসে স্টকটি প্রায় ১৬ শতাংশ কমেছে। তিন মাসে পতন হয়েছে ২০ শতাংশ। গত ছয় মাসে শেয়ার দর কমেছে প্রায় ৩৫ শতাংশ। এমনকী গত দুই বছরেও ৩০ শতাংশের বেশি পতন হয়েছে এই স্টকের।
অন্যদিকে দীর্ঘমেয়াদে ছবিটা আলাদা। গত পাঁচ বছরে ব্লু ক্লাউড সফ্টটেক সলিউশনসের শেয়ার প্রায় ২৮২ শতাংশ রিটার্ন দিয়েছে। ফলে AI-সংক্রান্ত এই নতুন সম্ভাবনার খবর সামনে আসতেই ফের লগ্নিকারীদের নজরে এসেছে স্মল-ক্যাপ স্টকটি।
(এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রকাশিত। এই সময় অনলাইন কোনও ধরনের বিনিয়োগের পরামর্শ দেয় না। শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগের আগে নিজে গবেষণা করুন এবং বিশেষজ্ঞের পরামর্শ নিন।)