Rebel MP Mitali Bag: 'লিপস্টিক নিয়ে পার্লামেন্টে যাই না', নাম না করে মহুয়াকেই কটাক্ষ 'বিদ্রোহী' মিতালি বাগের? | Rebel MP Mitali Bag Stirs Controversy with Social Media Post After Leaving TMC - 24 Ghanta Bangla News
Home

Rebel MP Mitali Bag: ‘লিপস্টিক নিয়ে পার্লামেন্টে যাই না’, নাম না করে মহুয়াকেই কটাক্ষ ‘বিদ্রোহী’ মিতালি বাগের? | Rebel MP Mitali Bag Stirs Controversy with Social Media Post After Leaving TMC

Spread the love

আরামবাগ: দুই মাস আগে ভোটের প্রচারে গিয়ে যখন আক্রান্ত হলেন, সেইদিন বিজেপিকে দুষেছিলেন। দৃঢ় কণ্ঠে সাংসদ বলেছিলেন, তৃণমূল হার মানতে জানে না। কিন্তু, আজ সেই সাংসদও বিদ্রোহী দলে। হাত ছেড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। কথা হচ্ছে মিতালি বাগকে নিয়ে। বিদ্রোহী হওয়ার পর থেকে কম কটাক্ষও শুনতে হচ্ছে না। ‘বেইমান’, ‘বিশ্বাসঘাতক’-এর মতো শব্দ ছুঁড়ে আক্রমণ করা হচ্ছে তাঁদের মতো বিদ্রোহীদের। এই আবহে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষপূর্ণ পোস্ট করলেন মিতালি বাগ। লিখলেন, ‘আমি লিপস্টিক নিয়ে পার্লামেন্টে যাই না’। মিতালির এই পোস্টকে কেন্দ্র করেই জোর চর্চা শুরু হয়েছে। রাজনৈতিক মহলের একাংশের মতে, নাম না করে তৃণমূলের এক সাংসদকেই কটাক্ষ করেছেন। কিন্তু, কে সেই সাংসদ?

সম্প্রতি দিল্লি থেকে ফিরেছেন মিতালি বাগ। আর ফিরে মাঠে কাজে নেমে পড়েছেন। সংসদীয় রাজনীতিতে যোগ দিলেও মিতালি কিন্তু মাটির মেয়ে। সোশ্যাল মিডিয়ায় চাষের ভিডিয়ো পোস্ট করে ফের সেটাই তুলে ধরতে চাইলেন তিনি। ভিডিয়োতে দেখা যাচ্ছে, জমিতে কাস্তে দিয়ে তিল কাটছেন তিনি। তবে, পোস্টের ক্যাপশনে রয়েছে শ্লেষ। লিখেছেন,”আমি লিপস্টিক নিয়ে পার্লামেন্টের ভেতরে ঢুকি না, পার্লামেন্টের ভিতরে ঘন ঘন লিপস্টিকও পরি না ঠোঁটে, কারও নজর কাড়ার জন্য। আমার পরিচয়-আমি কৃষক পরিবারের মেয়ে। আমি যা, আমি তাই।” মিতালির এই পোস্টকে কেন্দ্র করেই বিতর্ক তৈরি হয়েছে।

দিন কয়েক আগেই এনসিপিআই-তে যোগ দেওয়া সাংসদদের ‘গদ্দার’, ‘বেইমান’ বলে আক্রমণ করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র৷ ৪ কোটি টাকা নিয়ে শিবির বদলেছেন বলে ওই সাংসদদের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন মহুয়া। তাহলে নাম না করে মহুয়াকেই কটাক্ষ করেছেন মিতালি? রাজনৈতিক মহলের মতে, মিতালির চাষের ভিডিয়ো পোস্ট করে এটাই হয়তো বোঝাতে চেয়েছেন, তিনি জনপ্রতিনিধি, জনগণের জন্য কাজ করবেন। আর লিপস্টিকের উল্লেখ করে ঘুরিয়ে মহুয়াকেই কটাক্ষ করেছেন বলে মনে করছেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *