Government Job Tattoo Rules: শরীরে ট্যাটু থাকলে কি সরকারি চাকরি পাওয়া যায় না? কী বলছে নিয়ম | Can You Get a Government Job if You Have a Tattoo? Here's What the Official Rules Say - 24 Ghanta Bangla News
Home

Government Job Tattoo Rules: শরীরে ট্যাটু থাকলে কি সরকারি চাকরি পাওয়া যায় না? কী বলছে নিয়ম | Can You Get a Government Job if You Have a Tattoo? Here’s What the Official Rules Say

Spread the love

নয়া দিল্লি: এখন ট্যাটু-ই ট্রেন্ড। কারোর হাতে, কারোর পায়ে কিংবা ঘাড়ে ট্যাটু করা যায়। শরীরের যে কোনও অংশেই ট্যাটু করানো যায়। তবে এই ট্রেন্ডে গা ভাসানোর ক্ষেত্রে একটাই বাধা, সরকারি চাকরি। যদি কেউ সরকারি চাকরির (Governement Job) প্রস্তুতি নেন, তবে ট্যাটু করানোর আগে কয়েকবার ভাবা প্রয়োজন, কারণ শরীরে ট্যাটু থাকলে সরকারি চাকরি পাওয়া কঠিন। অনেকেই ভাবেন যে সরকারি চাকরিতে ট্যাটু সম্পূর্ণ ব্যান। সত্যিই কি তাই? কেনই বা ট্যাটু নিয়ে এত আপত্তি?

সাধারণত পেশাদারিত্ব, নিয়মানুবর্তিতা এবং একটি মার্জিত চেহারা বজায় রাখার জন্য সরকারি চাকরিতে ট্যাটু করা বারণ। চাকরিপ্রার্থীদের পরামর্শ দেওয়া হয় যাতে তারা শরীরে কোথাও স্থায়ী ট্যাটু বা উল্কি না করান। যদি একান্তই ট্যাটু থাকে, তবে তা এমন জায়গায় হওয়া উচিত যা পোশাকের নিচে ঢাকা থাকে।

এছাড়াও ধর্মীয় নিরপেক্ষতা বজায় রাখতে এবং মানুষের সাংস্কৃতিক বা ধর্মীয় অনুভূতিতে আঘাত এড়াতে আপত্তিকর, রাজনৈতিক বা ধর্মীয় প্রতীক যুক্ত ট্যাটু করা সরকারি চাকরিজীবীদের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ।

তবে কিছু কিছু সরকারি বিভাগ রয়েছে যেখানে নির্দিষ্ট শর্তসাপেক্ষে ট্যাটু রাখার অনুমতি দেওয়া হয়। দেখে নিন সেই তালিকা:

শর্তসাপেক্ষে যে সমস্ত সরকারি চাকরিতে ট্যাটুর অনুমতি রয়েছে:

শিক্ষকতা এবং ক্লারিকাল চাকরি: এই ধরনের চাকরিতে ট্যাটু গ্রহণযোগ্য, তবে শর্ত হল তা যেন মার্জিত হয় এবং পোশাকের বাইরে দৃশ্যমান না হয়।

সশস্ত্র বাহিনী (আর্মি, নেভি, এয়ারফোর্স): ভারতীয় সশস্ত্র বাহিনীতে কনুইয়ের নিচে, হাতের ভিতরের অংশে এবং হাতের তালুর পেছনের অংশে ছোট ট্যাটুর অনুমতি দেওয়া হয়। তবে মুখমণ্ডল, ঘাড় বা শরীরের অন্য কোনও দৃশ্যমান অংশে ট্যাটু থাকলে অথবা সেটি আপত্তিকর হলে চাকরি প্রার্থীকে সরাসরি অযোগ্য ঘোষণা করা হতে পারে।

পুলিশ এবং অন্যান্য বাহিনী: বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ ও আইটিবিপি (BSF, CRPF, CISF, ITBP)- এই বিভাগগুলিতে শরীরের ঢাকা অংশে থাকা ছোট ট্যাটু অনুমোদিত।

রেলওয়ে, এসএসসি বা ব্যাঙ্কিং: এই সেক্টরগুলিতে দৃশ্যমান এবং আপত্তিকর ট্যাটু কঠোরভাবে নিষিদ্ধ। তবে যে সমস্ত ট্যাটু পোশাকে ঢাকা থাকে এবং যাতে কোনও আপত্তিকর ছবি বা মন্তব্য থাকে না, সেগুলি সাধারণত মেনে নেওয়া হয়।

ট্যাটু রিমুভাল বা অস্ত্রোপচারের মাধ্যমে ট্যাটু তুলে ফেললে কি চাকরি পাওয়া সম্ভব?

হ্যাঁ, অবশ্যই সম্ভব। মেডিক্যাল টেস্ট বা শারীরিক পরীক্ষার সময় যদি শরীরের ট্যাটুটি আর দৃশ্যমান না থাকে, তবে সরকারি চাকরি পাওয়া সম্ভব। ট্যাটু তোলার পর যদি সামান্য আবছা দাগ (faint scar) থেকে যায়, তবে সাধারণত সেটি কর্তৃপক্ষ গ্রহণ করে। তবে প্রার্থীদের নিশ্চিত করতে হবে যে আগের ট্যাটু  মুখ বা ঘাড়ের মতো কোনও  অংশে ছিল না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *