Gautam Deb: শিলিগুড়ির পুরবোর্ডও হাতছাড়া তৃণমূলের? এবার মেয়র পদ থেকে ইস্তফা গৌতম দেবের | Gautam Deb Resigns as Siliguri Mayor After Election Debacle, TMC Loses Control of Civic Board
শিলিগুড়ি: শিলিগুড়ির মেয়র পদ থেকে ইস্তফা দিলেন গৌতম দেব। জানা গিয়েছে, পুর কমিশনারকে ইস্তফাপত্র পাঠিয়েছেন তিনি। নির্বাচনের ভরাডুবির পর থেকেই গৌতমের মেয়র পদ বহাল থাকবে কি না সেই নিয়ে জল্পনা চলছিল। অবশেষে জল্পনার অবসান ঘটিয়ে মেয়র পদ ছাড়লেন গৌতম। সেক্ষেত্রে কলকাতা, বিধাননগর, চন্দননগরের পর এবার শিলিগুড়ির পুরবোর্ডও হাতছাড়া হল তৃণমূলের।
বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর গৌতম দেবকে নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন দলের একাংশ। অভিযোগ, যে শহরে মেয়র হিসেবে চার বছর কাজ করেছেন গৌতম দেব, সেই শহরের সব ওয়ার্ডেই পরাজিত হয় তৃণমূল। গৌতম দেব নিজেও শিলিগুড়ির কেন্দ্র থেকে পরাজিত হয়েছেন। এরপর থেকেই মেয়রের পদ থেকে গৌতম দেবের ইস্তফা নিয়ে জল্পনা শুরু হয়। যদিও গৌতম দেব জানিয়েছিলেন, কাজ চালিয়ে যাবেন তিনি। তবে, সূত্রের খবর, দিন দু’য়েক আগেই কলকাতায় এসেছিলেন গৌতম দেব। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন, কথাও বলেন। তারপরই শিলিগুড়িতে ফিরে ইস্তফাপত্র দিলেন গৌতম দেব।
গৌতম দেবের ইস্তফার পর শিলিগুড়ি পুরবোর্ডও কার্যত হাতছাড়া তৃণমূল। মেয়রের ইস্তফার পর এবার কীভাবে প্রশাসন চলবে? বিজেপি সূত্রে খবর, দ্রুতই প্রশাসক নিয়োগ করা হবে। যাতে রোজকার পরিষেবা চালু থাকে, তা নিশ্চিত করতে হবে।