উইকেন্ডে জামাইষষ্ঠীতে রেকর্ড ভিড়ের আশা দিঘায়, কড়াকড়ি সমুদ্র স্নানে - 24 Ghanta Bangla News
Home

উইকেন্ডে জামাইষষ্ঠীতে রেকর্ড ভিড়ের আশা দিঘায়, কড়াকড়ি সমুদ্র স্নানে

Spread the love

বছরের যে কোনও সময়ে দু’দিন ছুটি পেলেই বাঙালির পছন্দের ডেস্টিনেশন দিঘা। এখন আবার দিঘায় বাড়তি আকর্ষণ জগন্নাথ মন্দির। তার উপর চলতি সপ্তাহের শেষে, শনিবার জামাইষষ্ঠী। পরের দিন আবার রবিবার। ফলে সপ্তাহান্তে দিঘায় উপছে পড়া ভিড়ের আশায় ব্যবসায়ীরা। পর্যটকদের সুবিধার্থে আগে থেকেই বিশেষ নজরদারি চালাচ্ছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ।

গত রবিবার দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের দপ্তরে একটি প্রশাসনিক বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই বৈঠকে জেলা প্রশাসনের কর্তারা এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার পাশাপাশি নিরাপত্তার দিকেও বিশেষ নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন। দিঘায় সমুদ্র স্নানে নেমে অনেকেই দুর্ঘটনার কবলে পড়েন। যে কোনও উৎসবের মরশুমে এই ধরনের দুর্ঘটনা রুখতে জেলা প্রশাসনকে কড়া নজরদারি চালানোর নির্দেশ দিয়েছেন।

এ ছাড়াও, দিঘার পর্যটকদের সুখবর শুনিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগে দিঘার সমস্ত হোটেলে মাথাপিছু ১০ টাকা করে পর্যটক কর দিতে হতো। কিন্তু রাজ্যে নতুন বিজেপি সরকার আসার পরে, সেই কর মকুব করে দেওয়া হয়েছে। ফলে পর্যটকদের হোটেল ভাড়া কমেছে।

পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার অংশুমান সাহা বলেন, ‘রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিঘায় কড়া নজদারির নির্দেশ দিয়েছেন। সামনেই জামাইষষ্ঠী। তাই আশেপাশের থানা থেকে পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বাড়তি সিসিটিভি ক্যামেরা বসানোর হচ্ছে সমুদ্র সৈকত ও আশেপাশের এলাকায়। তবে যাঁরা প্রশাসনের নির্দেশ অমান্য করবেন, তাঁদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ওল্ড দিঘার এক হোটেলের মালিক দেবব্রত দাস বলেন, ‘ওল্ড দিঘার হোটেলে কম বুকিং হয়। তবে বিশেষ বিশেষ দিন গুলিতে বুকিং বেড়ে যায়। চলতি বছরে জামাইষষ্ঠী সপ্তাহের শেষে হওয়ায় বুকিং কিছুটা বেড়েছে।’ নিউ দিঘার এক হোটেল ম্যানেজার টোটন দাস বলেন, ‘সপ্তাহান্তে জামাইষষ্ঠী বলে বুকিং ভালোই হয়েছে। আমাদের হোটেলের প্রায় ৮০ শতাংশ বুকিং হয়ে গিয়েছে।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *