বালি মজুতে লাগবে নো অবজেকশন সার্টিফিকেট
বর্ধমান–১, বর্ধমান–২, খণ্ডঘোষ, গলসি–১, গলসি–২, রায়না–সহ বিভিন্ন ব্লকের বালিঘাটের কাছাকাছি এলাকায় গেলেই নজরে আসত, কী ভাবে বালির পাহাড় তৈরি করেছিল মাফিয়ারা। রাজ্যে নতুন সরকার আসার পরে অবস্থার যে খুব পরিবর্তন হয়েছে, তা নয়। কারণ, এই বালি তোলা ও তা মজুত করার কাজ বর্ষার আগে এপ্রিল–মে মাসেই শুরু হয়ে যায়। কিন্তু সরকার পরিবর্তনের পরে সেই বালির পাহাড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বালি মাফিয়াদের কাছে। এখন মজুত রাখা বালির মাপজোক শুরু করেছেন জেলা ভূমি ও ভূমি সংস্কার (ডিএলআরআর) দপ্তরের আধিকারিকরা। আর এতেই চোখে সর্ষেফুল দেখছেন বালির কারবারে যুক্ত অনেকেই।