NEET-UG Question Paper Leak: আবার পরীক্ষার আগেই ফাঁস হয়ে গেল NEET-UG-র প্রশ্নপত্র? ভাইরাল ছবি ঘিরে তোলপাড় | NEET UG 2026 Paper Leak Row: Is the Question Paper Leaked Before NEET UG Re Examination? Viral Image Sparks Uproar
নয়া দিল্লি: ফের নিটের প্রশ্নপত্র ফাঁস? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মেডিক্যালের প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র। তারপরই প্রশ্ন উঠছে যে পুনরায় নিট পরীক্ষার যে ব্যবস্থা করা হয়েছে, সেটাও কি ফাঁস হয়ে গেল? বাধ্য হয়ে এবার ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) বিবৃতি দিতে বাধ্য হল।
গত মে মাসে নিট-ইউজি পরীক্ষা হয়। তবে কয়েকদিন পরই জানা যায় যে নিট পরীক্ষার প্রশ্নপত্র পরীক্ষার আগেই ফাঁস হয়ে গিয়েছিল। মোটা টাকায় সেই প্রশ্ন বিক্রিও হয়ে যায়। বাধ্য হয়েই এনটিএ-কে পরীক্ষা বাতিল করতে হয়। পুনরায় পরীক্ষার ব্যবস্থা করা হয়। আগামী ২১ জুন নিট-ইউজির পরীক্ষা। তার আগেই ভাইরাল একটি প্রশ্নপত্র।
বিতর্ক শুরু হয় বিবিন নামক এক ব্যক্তির এক্স হ্যান্ডেল থেকে একটি স্ক্রিনশট পোস্ট করাকে কেন্দ্র করে। ওই যুবক দাবি করে যে টেলিগ্রাম গ্রুপ থেকে এই ছবি পেয়েছে। হ্যাশট্যাগ দিয়ে লেখেন, নিট প্রশ্নপত্র ফের ফাঁস হয়ে গেল?
এরপরই সোশ্যাল মিডিয়ায় হু হু করে ভাইরাল হতে থাকে এই ছবি। অনেকেই দাবি করেন যে স্ক্রিনশটে যে বুকলেট দেখা যাচ্ছে, তা নিটের প্রশ্নপত্রের মতোই। পরীক্ষার নির্দেশও দেখা যাচ্ছে ওই স্ক্রিনশটে।
যখন বিতর্ক দানা বাধতে থাকে, তখন এনটিএ বিবৃতি দিয়ে জানায়, “এটা ভুয়ো…দয়া করে এটি সার্কুলেট করবেন না..সাইবার ক্রাইমে অভিযোগ জানানো হচ্ছে।”
যদিও তারপরও বহু সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীই লিখছেন যে প্রশ্নপত্রে দেওয়া সময় এবং বাকি তথ্য মিলে যাচ্ছে। প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছে নিশ্চয়ই।