FIFA World Cup 2026, MEX vs RSA: প্রথম ম্যাচেই তিন লাল কার্ড, ১৬ বছর আগের বদলা নিল মেক্সিকো! | Mexico beats South Africa by two nil in the first match of FIFA World Cup 2026 - 24 Ghanta Bangla News
Home

FIFA World Cup 2026, MEX vs RSA: প্রথম ম্যাচেই তিন লাল কার্ড, ১৬ বছর আগের বদলা নিল মেক্সিকো! | Mexico beats South Africa by two nil in the first match of FIFA World Cup 2026

Spread the love

গোলের পর রাউল গিমেনেজ।Image Credit: Getty Images

মেক্সিকো – ২ (কুইনোনেস, গিমেনেজ) : দক্ষিণ আফ্রিকা – ০ 

মেক্সিকো সিটি: একে বলে বিশ্বকাপ (Fifa World Cup 2026) ! এই যে এত কিছু ঝামেলা হল বিশ্বকাপ শুরুর আগে, এত বিতর্ক, এত নীতি-নিয়মের কড়াকড়ি – সব ফিকে করে দিলেন একজন। শাকিরা (Shakira)। ম্যাচ শুরুর আগে সোশ্যাল মিডিয়ায় দেখলাম তাঁকে নিয়ে বলা হচ্ছে, তিনি নাকি ফিফা বিশ্বকাপের বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। হ্যাঁ, খুব একটা ভুল হয়ত বলেননি জনৈক সোশ্যাল মিডিয়া ইউজার। যেভাবে মহালয়ার ভোর মানে গোটা বাঙালির কাছে একটা উৎসবের শুরু, যেখানে তাঁর উদাত্ত গলায় স্তোত্রপাঠ শুনলে মনে হয় সত্যিই মা যেন এলেন, সেভাবে শাকিরার গলায় বিশ্বকাপের গান না শুনলে যেন ফিকে লাগে গোটা বিশ্বকাপের আসরটাই। তবে যেভাবে উদ্বোধনী অনুষ্ঠানে সব বিতর্ক ধুয়ে মুছে সাফ করে দিলেন তিনি, তাতে আশা করাই যায় এই বিশ্বকাপেও আর কোনও মাঠ বহির্ভুত বিষয় নিয়ে আলোচনা হবে না। যদিও, ম্যাচে নাটকের মালমশলা ছিল প্রচুর।

বিশ্বকাপের প্রথম ম্যাচ, সেখানেই নাটক। এক ম্যাচেই তিনটে লাল কার্ড। মনে পড়ছে না, শেষ কবে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই এক সঙ্গে তিনটে লাল কার্ড দেখেছি। মেক্সিকোর একজন ও দক্ষিণ আফ্রিকার দু’জন বিশ্বকাপের প্রথম ম্যাচই স্মরণীয় করে রাখলেন। যদিও লাল কার্ডের সংখ্যা দক্ষিণ আফ্রিকার বেশি হলেও তাদের গোল আসেনি। প্রথম ম্যাচেই তাদের ২-০ হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল মেক্সিকো। শুরু থেকেই ম্যাচের রাশ ছিল মেক্সিকোর হাতে, তারই যেন ফল পেলেন রাঙ্গেলরা।

ম্যাচের শুরুতেই গোলের সুযোগ পেয়েছিল মেক্সিকো। ৫ মিনিটের মাথায় মেক্সিকোর রাউল গিমেনেজ রাইট উইং থেকে বল পেয়ে দুরন্ত শট নেন কিন্তু দক্ষিণ আফ্রিকার কিপার রনেন উইলিয়ামসকে প্রতিহত করা সম্ভব হয়নি। এর ঠিক চার মিনিটের মধ্যেই আবার সুযোগ পেয়ে যায় মেক্সিকো। বাঁ প্রান্ত থেকে বল পেয়ে গোলে ঠেলে দিতে ভুল করেননি জুলিয়ান কুইনোনেস। ৯ মিনিটের মধ্যেই ১-০ এগিয়ে যায় মেক্সিকো। এরপরেও একের পর এক আক্রমণ করলেও দক্ষিণ আফ্রিকার ডিফেন্সের বদান্যতায় গোলের সুযোগ আসেনি। ৪২ মিনিটের মাথায় রাউল গিমেনেজের দুরন্ত গোলের সুযোগ সেভ করে দেন রনেন উইলিয়ামস।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ঘটে অঘটন। মেক্সিকোর গুটিয়েরেজ প্রায় গোল করেই ফেলেছিলেন, কিন্তু একদম শেষ মুহূর্তে তাঁকে বক্সের বাইরে ফাউল করেন সেফেলো সিথোলে। সঙ্গে সঙ্গেই তাঁকে লাল কার্ড দেখান রেফারি। ৬৭ মিনিটের মাথায় ডানপ্রান্ত থেকে আসা ভাসানো বলে মাথা ছুইঁয়ে গোল করে যান রাউল গিমেনেজ। ২-০ এগিয়ে যায় মেক্সিকো। ৮৪ মিনিটে আবার দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়কে লাল কার্ড দেখান রেফারি। মেক্সিকোর খেলোয়াড় রবার্তো আলভারাডোর মুখে হাত চালিয়ে লাল কার্ড দেখেন দক্ষিণ আফ্রিকার তেম্বা জোয়ানে। ৯ জনের দক্ষিণ আফ্রিকা দলের জন্য আর এরপর ম্যাচে ফেরা সম্ভব হয়নি। তবে একদম শেষার্ধে লাল কার্ড দেখেন মেক্সিকোর সিজার মন্টেস। গোল করতে গিয়ে বাধা দেওয়ার ফলেই তাঁকে লাল কার্ড দেখিয়েছেন রেফারি।

মেক্সিকোর আজটেকা স্টেডিয়ামে আজ শুরুতেই ছিল চাঁদের হাট। রবার্তো কার্লোস, ডেভিড সিলভার মতো তারকারা উপস্থিত ছিলেন মাঠে। তাঁদের সামনে, প্রায় ৮০ হাজার দর্শকের সামনে যেভাবে একপেশে ফুটবল খেলে গেল মেক্সিকো, যেভাবে বারবার রাউল গিমেনেজ বিপক্ষের বক্সে ঢুকে প্রায় ধ্বংস করে দিচ্ছিলেন বিপক্ষ ডিফেন্সকে, তাতে এই মেক্সিকোকে বিশ্বকাপের ডার্ক হর্স বলা যেতেই পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *