Alpha teaser copy: হলিউড ছবির ‘নকল’ আলিয়া ভাটের ‘আলফা’? টিজার মুক্তি পেতেই সমাজমাধ্যমে তুমুল ট্রোলিং! | Alia Bhatt's 'Alpha' Teaser Faces Copying Allegations: Striking Similarities with 'La Femme Nikita' and 'American Sniper' - 24 Ghanta Bangla News
Home

Alpha teaser copy: হলিউড ছবির ‘নকল’ আলিয়া ভাটের ‘আলফা’? টিজার মুক্তি পেতেই সমাজমাধ্যমে তুমুল ট্রোলিং! | Alia Bhatt’s ‘Alpha’ Teaser Faces Copying Allegations: Striking Similarities with ‘La Femme Nikita’ and ‘American Sniper’

Spread the love

আলিয়া ভাট (Alia Bhatt)-এর আগামী ছবি ‘আলফা’র টিজার মুক্তি পেতেই নতুন বিতর্ক দানা বেঁধেছে বিনোদন দুনিয়ায়। ওয়াইআরএফ (YRF) স্পাই ইউনিভার্সের এই মেগা প্রজেক্ট নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা ছিল তুঙ্গে। কিন্তু টিজারটি সামনে আসতেই নেটিজেনদের একাংশ একে ‘নকল’ বলে দাগিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, হলিউড এবং ফরাসি ছবির সঙ্গে এর একাধিক দৃশ্যের মিল খুঁজে পেয়ে সমাজমাধ্যমে জোর চর্চা শুরু হয়েছে।

টিজারের একটি বিশেষ দৃশ্যে দেখা যাচ্ছে, আলিয়া তথা সীতাকে তাঁর মেন্টর ‘বাবা’ (ববি দেওল) ১৮ বছরের জন্মদিনে একটি বিলাসবহুল রেস্তোরাঁয় খাওয়াতে নিয়ে গিয়েছেন। সেখানে আনন্দের আবহের মাঝেই ববি আলিয়ার হাতে তুলে দিচ্ছেন তাঁর প্রথম মিশনের চাবি। ঠিক এই দৃশ্যটির সঙ্গেই ফরাসি ধ্রুপদী থ্রিলার ছবি ‘লা ফেম নিকিতা’ (La Femme Nikita)-র মিল পাচ্ছেন অনেকেই। লুক বেসন পরিচালিত সেই ছবিতেও মেন্টর বব তাঁর ট্রেইন্ড অ্যাসাসিন নিকিতাকে একটি দামি রেস্তোরাঁয় নিয়ে গিয়ে আচমকাই প্রথম অ্যাসাইনমেন্ট হিসেবে একটি বন্দুক হাতে তুলে দিয়েছিলেন এবং তিনজনকে খুন করার নির্দেশ দিয়েছিলেন। এই হুবহু মিল দেখে ক্ষুব্ধ সিনেমা প্রেমীদের অনেকেই বলিউডের মৌলিকতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন।

বিতর্ক এখানেই শেষ নয়। টিজারের একটি ডায়লগ নিয়েও শুরু হয়েছে ট্রোলিং। যেখানে ববি দেওল আলিয়াকে বলছেন, পৃথিবীতে দু’রকমের মানুষ হয়, নেকড়ে আর ভেড়া। ববি নিজেকে নেকড়ে বলে দাবি করতেই আলিয়াও তাঁর মতো নেকড়ে হওয়ার প্রতিজ্ঞা করেন। নেটিজেনরা প্রমাণসহ দেখিয়েছেন, এই রূপকটি আসলে বিখ্যাত হলিউড ছবি ‘আমেরিকান স্নাইপার’ (American Sniper) থেকে অনুপ্রাণিত। সেখানেও ডিনার টেবিলে এক বাবা তাঁর সন্তানদের বোঝাচ্ছিলেন যে পৃথিবীতে তিন ধরনের মানুষ থাকে, ভেড়া, নেকড়ে এবং পাহারাদার কুকুর (Sheepdogs)।

শিব রাওয়াল পরিচালিত ‘আলফা’ ছবিটির মুক্তি নিয়ে অবশ্য কম কাঠখড় পোড়াতে হয়নি। প্রথমে গত বছরের ২৫ ডিসেম্বর, তারপর চলতি বছরের এপ্রিলে মুক্তির কথা থাকলেও ভিএফএক্স (VFX)-এর কাজ বাকি থাকায় তা পিছিয়ে যায়। প্রযোজনা সংস্থার তরফে জানানো হয়েছিল, দর্শকদের সিনেমা হলের সেরা অভিজ্ঞতা দিতেই এই দেরি। অবশেষে আগামী ৩ জুলাই প্রেক্ষাগৃহে আসতে চলেছে ছবিটি। আলিয়া ভাট এবং শর্বরী অভিনীত এই ছবিটি ‘টাইগার’, ‘ওয়ার’ এবং ‘পাঠান’-এর পর স্পাই ইউনিভার্সের সপ্তম ছবি হতে চলেছে। তবে মুক্তির আগেই এই ‘টুকলি’র অভিযোগ বক্স অফিসে কেমন প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *