Indian Cricket: ইতিহাসের সর্ববৃহৎ সিরিজ, ভারত সফরের সূচি ঘোষণা করল নিউজিল্যান্ড বোর্ড! | NZC Announces Full Schedule for India's Mega Tour - 24 Ghanta Bangla News
Home

Indian Cricket: ইতিহাসের সর্ববৃহৎ সিরিজ, ভারত সফরের সূচি ঘোষণা করল নিউজিল্যান্ড বোর্ড! | NZC Announces Full Schedule for India’s Mega Tour

Spread the love

প্রায় পৌনে দুই মাস চলবে এই সিরিজ!Image Credit: Getty Images

কলকাতা : সদ্যই শেষ হল আইপিএল (IPL 2026)। এবার আবার ফ্র্যাঞ্চাইজির জার্সি ছেড়ে দেশের জার্সি পরতে দেখা যাবে কোহলি (Virat Kohli), গিলদের (Shubman Gill)। আগেই শোনা গিয়েছিল, নিউজিল্যান্ডের (New Zealand) মাটিতে সিরিজ খেলতে যাবে ভারতীয় দল (Team India)। তবে আজ, বুধবার পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল নিউজিল্যান্ড বোর্ড।

আগামী ২২ অক্টোবর থেকে ১ ডিসেম্বর হতে চলেছে এই সিরিজ। নিউজিল্যান্ডের প্রধান ৫ ভেন্যুতে ভারতের বিরুদ্ধে ৫ টি-টোয়েন্টি, ৫ ওয়ান ডে ও ২ টেস্ট ম্যাচ খেলবেন স্যান্টনার, গ্লেন ফিলিপ্সরা। মোট ১২ ম্যাচের এই সফর আসলে কিউয়িদের ক্রিকেট ইতিহাসে সবথেকে বড় দ্বিপাক্ষিক সফর হতে চলেছে। অকল্যান্ডে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। দুটি টেস্ট খেলা হবে ওয়েলিংটন ও ক্রাইস্টচার্চে। যেহেতু এই সিরিজের মধ্যে ওয়ান ডে ম্যাচও রয়েছে, তাই এই সিরিজে বিরাট কোহলি ও রোহিত শর্মাকে খেলতে দেখার সম্ভাবনা রয়েছে সমর্থকদের কাছে। ওয়ান ডে ম্যাচগুলি শুরু হবে ৪ নভেম্বর থেকে।

নিউজিল্যান্ড ক্রিকেটের চিফ মার্কেটিং অ্যান্ড কমার্শিয়াল অফিসার গ্লেন ক্রিচলি বলেছেন,”আমরা এই সিরিজের মাধ্যমে নিউজিল্যান্ডের মানুষদের এক অনন্য সফরের উপহার দিতে বদ্ধপরিকর। এটি কেবল ক্রিকেট সিরিজ নয়, এর সঙ্গে জড়িত আছে নিউজিল্যান্ডের সংস্কৃতি, ইতিহাস ও ভারতের সঙ্গে বন্ধুত্বও। ভারতীয় দলের প্রতি দর্শকদের যে আবেগ ও ভালবাসা রয়েছে তা অবিশ্বাস্য। এর পাশাপাশি বিরাট কোহলি ও যশপ্রীত বুমরার মতো ক্রিকেটাররা খেলবেন এই সফরে। তাই এই সফরকে নিয়ে আমরা পুরোপুরি প্রস্তুত।”

২০১৯-২০ সালের পর আর সেদেশে গিয়ে সিরিজ খেলেনি ভারত। তবে নিউজিল্যান্ড এসেছে ভারতে। এর মধ্যে ২০২৪-২৫ সালে ভারতকে ২-০ হারিয়েছে কিউয়িরা। তবে আবার জাতীয় জার্সিতে নিউজিল্যান্ডের মাঠে খেলতে দেখার খবর শুনে রীতিমতোই উদ্ভাসিত সেদেশের সমর্থকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *