১৪ বার 'বিশ্বের সেরা বিমানবন্দর' খেতাব! কী এমন আছে সিঙ্গাপুরের এই এয়ারপোর্টে?

ভ্রমণপিপাসু মানুষদের কাছে বিমানবন্দর মানেই শুধু প্লেন ধরা বা দীর্ঘ অপেক্ষার জায়গা। কিন্তু জানেন কি এমন এক এয়ারপোর্ট রয়েছে যেখানে পৌঁছলে আপনার চোখ ছানাবড়া হতে বাধ্য। মনে হবে যেন কোনও রাজকীয় রিসর্টে বসে আছেন।

সেটি হলো সিঙ্গাপুরের Changi Airport। বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দর হওয়া সত্ত্বেও এটি যাত্রীসেবার জন্য বারবার আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে।

চাঙ্গি বিমানবন্দরের সবচেয়ে বড় আকর্ষণগুলির মধ্যে অন্যতম হলো বিশ্বের সবচেয়ে উঁচু ইন্ডোর জলপ্রপাত। ‘রেন ভর্টেক্স’ নামে পরিচিত জলপ্রপাতটি বিমানবন্দরের ভিতরেই অবস্থিত।

প্রকৃতিপ্রেমীদের জন্য সেখানে রয়েছে বিশেষ প্রজাপতি উদ্যান। সেই বাগানে নিয়মিত নতুন প্রজাপতির পিউপা আনা হয়, যাতে সারা বছরই বিভিন্ন প্রজাতির প্রজাপতি দেখা যায়।

শুধু প্রজাপতি নয়, বিমানবন্দরে রয়েছে ক্যাকটাস গার্ডেন এবং ছাদের উপর তৈরি সূর্যমুখী ফুলের বাগানও। ব্যস্ত যাত্রার মাঝেও এই বিমানবন্দরে কিছুটা সময় প্রকৃতির সান্নিধ্যে কাটানো যায়।

চাঙ্গির আরেকটি অভিনব আকর্ষণ হলো কাচের তৈরি মাছের পুকুর। দর্শনার্থীরা এর উপর দিয়ে হেঁটে যেতে পারেন।

২০২৫ সালের শুরুতে বিমানবন্দরে চালু হয়েছে নতুন ‘ফিট অ্যান্ড ফান জ়োন’। যেখানে রয়েছে পাঞ্চিং ব্যাগ, মিনি ট্র্যাম্পোলিন এবং শরীরচর্চা ও বিনোদনের নানা ব্যবস্থা।

দীর্ঘ সময়ের যাত্রা বিরতিতে যাত্রীদের একঘেয়েমি কাটাতেই এই বিশেষ জায়গা তৈরি করা হয়েছে। ফলে অপেক্ষার সময়টাও হয়ে ওঠে আনন্দের।

এখানেই শেষ নয়। দীর্ঘ লেওভারের যাত্রীদের জন্য রয়েছে বিশেষ ‘ক্যাল্ম রুম’। শান্ত ও আরামদায়ক এই জায়গায় বসে বিশ্রাম নেওয়া যায়, মানসিক চাপ কমানো যায় এবং পরবর্তী যাত্রার জন্য নিজেকে প্রস্তুত করা যায়।

এই কারণেই বছরের পর বছর ধরে বিশ্বের নানা প্রান্তের যাত্রীরা চাঙ্গিকে বিশ্বের সেরা বিমানবন্দরগুলির মধ্যে অন্যতম বলে মনে করেন। আর সেই কারণেই বিমানবন্দরটি ১৪ বার ‘ওয়ার্ল্ডস বেস্ট এয়ারপোর্ট’ সম্মান অর্জন করেছে।