Government Job: পাবলিক সার্ভিস কমিশনে পাশ করার ১৮ বছর পর হাতে এল অফার লেটার! ৬১-র বৃদ্ধ হাসবেন না কাঁদবেন, বুঝছেন না… | Government recruitment shock passed psc exam 18 years ago kerala man receives government job offer letter at 61
জয়েনিং লেটার হাতে ওই ব্যক্তি।Image Credit: X
তিরুবনন্তপুরম: সরকারি চাকরির স্বপ্ন অনেকেরই থাকে। সেই স্বপ্ন পূরণ হয় অল্প সংখ্যক মানুষের। বহু মানুষই সরকারি চাকরির পরীক্ষা দেন। অনেকে ডাকও পান। কিন্তু সরকারই যদি যোগ্য প্রার্থীকে ডাকতে দেরি করে ফেলে? যত দিনে সরকারি চাকরির চিঠি এল, ততদিনে ওই ব্যক্তির অবসর নেওয়ার বয়সও পার হয়ে গেল।
এমনটাই হয়েছে কেরলের মলপ্পুরমের এক ব্যক্তির সঙ্গে। আব্দুল মজিদ নামক ওই ব্যক্তি ২০০৫ সালে কেরল পাাবলিক সার্ভিস কমিশনের অধীনে পার্ট টাইম জুনিয়র শিক্ষক হিসাবে আবেদন করেছিলেন। পরীক্ষায় র্যাঙ্কও করেন। তবে কোনওদিনই আর নিয়োগপত্র বা অ্য়াপয়েন্টমেন্ট লেটার হাতে পাননি। ২০০৮ সালে লিস্টের মেয়াদ পার হয়ে যায়।
বছরের পর বছর পার হয়ে যায়, ওই ব্যক্তিও সরকারি চাকরির আশা ছেড়ে দেন। তবে সম্প্রতিই তাঁর বাড়িতে একটি চিঠি আসে, যা দেখে চমকে যান। দেখেন তাঁর চাকরিতে নিয়োগের চিঠি এসেছে! নিয়োগ প্রক্রিয়া শেষ হওয়ার ১৮ বছর পর ওই চিঠি এসে পৌঁছেছে তাঁর কাছে, এতদিনে তাঁর অবসরের বয়সও পার হয়ে গিয়েছে।
এত বছর পর জয়েনিং লেটার হাতে পেয়ে ৬১ বছর বয়সী মজিদ বলেন, “১৮ বছর ধরে ওই পদ শূন্যই থেকে গিয়েছে। এতদিন দেরিতে অফার লেটার আসায় আমার চাকরির সুযোগ হাতছাড়া হয়ে গেল। এখন আমার বয়সসীমা পার হয়ে গিয়েছে। আমার নায্য পাওনা চাকরি পাওয়ার আর সুযোগ নেই।”