পথভ্রষ্ট প্রতিবাদ, ঘরবন্দি নেতারা, সোনারপুর কাণ্ডে উত্তাপহীন উত্তরবঙ্গে রাস্তায় নেই তৃণমূল
উত্তর দিনাজপুর
উত্তরের এই জেলাতেই বিজেপিকে ছাপিয়ে গিয়েছে তৃণমূল। জেলায় ৯টি আসনের মধ্যে তৃণমূল পাঁচটি আসনে জয়লাভ করেছে। কিন্তু সোনারপুর-কাণ্ডে রবিবার এই জেলায় কোনও বিক্ষোভ কর্মসূচিতে দেখা মেলেনি পূর্বতন শাসকদলকে। শুধুমাত্র চোপড়ায় প্রতিবাদ কর্মসূচি পালন করে তৃণমূল বিধায়ক হামিদুল রহমান। হামিদুল বলেন, ‘অভিষেকের উপরে এই হামলা খুবই নিন্দনীয়। দলনেত্রীর কথামতো আমরা চোপড়ায় প্রতিবাদ কর্মসূচিতে সামিল হয়েছি।’ গোয়ালপোখর, চাকুলিয়া, ইসলামপুর ও ইটাহারে তৃণমূল জয়ী হলেও সেখানে কোনও প্রতিবাদ কর্মসূচি হয়নি। ইটাহারের তৃণমূল বিধায়ক মোশারফ হোসেন বলেন, ‘আমরা কালীঘাটে আছি। দলীয় নির্দেশ পেলে জেলায় ফিরে প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করব।’ ইসলামপুরের তৃণমূল বিধায়ক তথা উত্তর দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বলেন, ‘আমি কলকাতায় রয়েছি। দলীয় ভাবে তেমন কোনও নির্দেশ এখনও আসেনি। এলে কর্মসূচি গ্রহণ করা হবে।’ তৃণমূলকে কটাক্ষ করে বিজেপির জেলা সভাপতি নিমাই কবিরাজ বলেন, ‘তৃণমূলের নেতারা জানেন রাজ্যে তাঁদের বিরুদ্ধে জনরোষের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ তাঁদের প্রত্যাখ্যান করেছে। তাই প্রতিবাদ করার লোক পাচ্ছেন না। নেতারা হয়তো জনরোষের ভয়ে রাস্তায় নামছেন না।’