মমতা চাবি দেওয়ার পরেও ঘর মেলেনি উপভোক্তাদের!
‘বাংলার বাড়ি’ প্রকল্পের মাধ্যমে জলপাইগুড়ি শহর সংলগ্ন এসজেডিএ কমপ্লেক্স সংলগ্ন মাহুত পাড়ায় ৬৪টি ফ্ল্যাট তৈরি করা হয়। মোট তিন কোটি ২৫ লক্ষ টাকা ব্যয়ে ফ্ল্যাট তৈরি করে এসজেডিএ। ২০২২–এর শেষের দিকে ওই ফ্ল্যাট তৈরির কাজ শেষ হলেও গত বছর সেপ্টেম্বরে চাবি পুরসভাকে হস্তান্তর করেন এসজেডিএয়ের চেয়ারম্যান দিলীপ দুগার। কিন্ত তালিকায় থাকা উপভোক্তারা এখনও ঘর পাননি বলে অভিযোগ।
এই সময়, জলপাইগুড়ি: গত বছর সেপ্টেম্বরে চাবি হস্তান্তর করা হয়েছে জলপাইগুড়ি পুরসভাকে। ১০ সেপ্টেম্বর জলপাইগুড়িতে প্রশাসনিক সভায় এসে এক জন মহিলাকে ঘরের চাবি তুলেও দিয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কথা ছিল, এ বারের বিধানসভা নির্বাচনের আগে বাকি ৬৩ জন উপভোক্তার হাতে ঘরের চাবি হস্তান্তর করবে জলপাইগুড়ি পুরসভা। কিন্তু তার পরে ন’মাস কেটে গিয়েছে। শেষ হয়েছে বিধানসভা নির্বাচন। কিন্তু বাংলার বাড়ি প্রকল্পের ঘরের চাবি হাতে পাননি উপভোক্তারা। এমনকী, মমতার হাত থেকে চাবি নেওয়া মৌমিতা তালুকদারও ঘরে ঢুকতে পারেননি বলে অভিযোগ।