Abhishek Banerjee: ‘আজ মনটা শান্তি পেল’, অভিষেকের এই হাল দেখে মুখ খুললেন শুভেন্দুর ভ্রাতৃবধূ | ‘Today My Mind Found Peace’, CM Suvendu Adhikari’s Sister in Law Targets Abhishek Banerjee After Sonarpur Egg Throwing Incident
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জনরোষ নিয়ে কী বললেন সুতপা অধিকারী?Image Credit: TV9 Bangla
কলকাতা ও কাঁথি: সোনারপুরে মৃত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে আক্রান্ত হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছে। ‘চোর চোর’ স্লোগান দেওয়া হয়। অভিষেককে দেখেই ক্ষোভ উগরে দেন স্থানীয় বাসিন্দারা। এই ঘটনার পরই কারও নাম উল্লেখ না করে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন বিজেপি বিধায়ক দিব্যেন্দু অধিকারীর স্ত্রী সুতপা অধিকারী। ৫ বছর আগের অভিষেকের একটি মন্তব্যের দিকে ইঙ্গিত করে তিনি লেখেন, ‘আজ মনটা শান্তি পেল।’
সোশ্যাল মিডিয়ায় কী লিখেছেন সুতপা অধিকারী?
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভ্রাতৃবধূ সুতপা অধিকারী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “আজ মনটা শান্তি পেল। খুব বাবা তুলে কথা বলেছিলে না। ভগবানের মার বলে একটা কথা আছে। জনতা জনার্দন দেখিয়ে দিল।”
হঠাৎ এই রকম পোস্ট কেন করলেন সুতপা?
রাজনীতির কারবারিরা বলছেন, সুতপার এই পোস্টের পিছনে ৫ বছর আগে অভিষেকের এই মন্তব্যকে লক্ষ্য করেই। একুশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন শুভেন্দু অধিকারী। এরপর পূর্ব মেদিনীপুরের কাঁথিতে বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে শুভেন্দুকে নিশানা করেছিলেন অভিষেক। কাঁথিতে জনসভা থেকে জনতার উদ্দেশে অভিষেক বলেছিলেন, “বিশ্বাসঘাতকদের ঝেঁটিয়ে বিদেয় করবেন। মেদিনীপুরের আবেগ-বিশ্বাসকে যে দিল্লির মালিকদের কাছে বিক্রি করেছে, তাদের ঝেঁটিয়ে বিদেয় করবেন। আরও জোরে আওয়াজ তুলুন। ৫ কিলোমিটার দূরেই তো শান্তিকুঞ্জ। সেটা যেন থরথর করে কাঁপে। জোরে আওয়াজ তুলুন।”
এরপরই অভিষেক বলেছিলেন, “এই গড় মেদিনীপুরের মা-ভাইবোনের গড়। অধিকারী গড় আবার কী? ফেসবুকে আবার অনেকে আবার ভিডিয়ো ছাড়ছে। যাতে ভয়ে আমি এখানে না আসি। আমাকে ভয় দেখাবে? আমাকে বলছে, এলে দেখে নেব। যদি না শুধরাও, এই করব, ওই করব।” এরপরই রীতিমতো আঙুল উঁচিয়ে তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড বলেছিলেন, “আরে তোর বাপকে গিয়ে বল, বাড়ির ৫ কিলোমিটারের মধ্যে দাঁড়িয়ে রয়েছি। যা করার কর। আয়। আয়। আয়। হিম্মত আছে? এই মেদিনীপুরের মাটিতে, তোমার মাটিতে, তোমার এলাকায়, তোমার পাড়ায় দাঁড়িয়ে তোমায় চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে যাচ্ছি।”
রাজনীতির কারবারিরা বলছেন, এদিন সোনারপুরে অভিষেক আক্রান্ত হওয়ার পর ৫ বছর আগের ঘটনার দিকেই ইঙ্গিত করে খোঁচা দিলেন শুভেন্দুর ভ্রাতৃবধূ।