FIFA WC 2026, Argentina Squad: অবশেষে দল ঘোষণা করল ‘বিশ্বচ্যাম্পিয়ন’ আর্জেন্টিনা, বড় চমক দিলেন কোচ স্কালোনি! | Lionel Messi Named in Argentina’s 2026 World Cup Squad Despite Injury Scares
২৬ জনের দল ঘোষণা করলেন লিওনেল স্কালোনি!Image Credit: Getty Images
কলকাতা: অনেক টালবাহানা, চিন্তা-আশঙ্কার পর বিশ্বকাপের (Fifa World Cup 2026) চূড়ান্ত দলে লিওনেল মেসিকে (Lionel Messi) রেখেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি (Lionel Scaloni)। ২০২২ সালে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর স্কালোনিকে রাখা হবে কোচ হিসেবে, এই কথাই জানা গিয়েছিল। তবে লিও মেসিকে নিয়েও চিন্তিত ছিলেন গোটা বিশ্বে তাঁর অগণিত ভক্তরা। এমএলএসে (Major League Soccer) ইন্টার মায়ামির (Inter Miami CF) হয়ে খেলার সময়েই পায়ে চোট পেয়েছিলেন ফুটবলের রাজপুত্র। এরপরেই প্রশ্ন উঠেছিল, তাহলে কি আর বিশ্বকাপে দেখা যাবে না মেসিকে? তবে সব চিন্তা সরিয়ে ২০২৬ বিশ্বকাপের জন্য আর্জেন্টিনার চূড়ান্ত দলে মেসিকে রেখেছেন স্কালোনি।
এই নিয়ে ষষ্ঠ বার বিশ্বকাপে খেলতে নামতে চলেছেন মেসি। ২০০৬ থেকে ২০২৬ – ৬ বার বিশ্বকাপে নামবেন তিনি। তাঁর মতোই তাঁর চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরও এটা ৬ নম্বর বিশ্বকাপ। এই দলে যদিও বা খুব একটা নতুন মুখ রাখেননি স্কালোনি। বিশ্বজয়ী দলের ১৭ জন সদস্যই রয়েছেন এই ২৬ জনের মধ্যে। দলের প্রধান গোলরক্ষক হিসেবে খেলবেন এমিলিয়ানো মার্টিনেজ। দিন কয়েক আগেই অনামিকার আঙ্গুল ভেঙে যায় এমির। তবে কোচের আশা, মাঠে নামার আগে সুস্থ হয়ে যাবেন তিনি। গোলকিপার হিসেবে রয়েছেন জুয়ান মুসো এবং জেরোনিমো রুলেই।
দলের ডিফেন্স সামলাবেন গঞ্জালো মন্ট্রিয়েল। এই মন্ট্রিয়েলই শেষ পেনাল্টি গোল করে বিশ্বকাপ জিতিয়েছিলেন আর্জেন্টিনাকে। কিন্তু বাদ দেওয়া হয়েছে ফ্র্যাঙ্কো মাস্তানতুয়োনোকে, যাঁকে এই মুহূর্তে বলা হয় আর্জেন্টিনার সবচেয়ে সম্ভাবনাময় একজন ফুটবলার। দলে সুযোগ পাননি অ্যাকুইনাও। এছাড়াও এই দলের হয়ে খেলবেন ভ্যালেনটিন বার্কো, গিলিয়ানো সিমিওনে, নিকো পাজরা। ২০২২ সালের মতোই এবারেও দলের অধিনায়ক মেসি। আগামী ১৬ জুন আলজেরিয়ার বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে আর্জেন্টিনা। এছাড়াও মেসিদের গ্ৰুপে রয়েছে অস্ট্রিয়া ও জর্ডন।
গোলকিপার : এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুলি, হুয়ান মুসো
ডিফেন্ডার : গঞ্জালো মন্ট্রিয়েল, নিকোলাস ওটামেন্ডি, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ত্যাগলিয়াফিকো, নাহুয়েল মোলিনা, লিয়োনার্দো বলের্দি, লিসান্দ্রো মার্টিনেজ, ফ্যাকুন্ডো মেদিনা
মিডফিল্ড : রদ্রিগো দি’পল, জিওভানি লো সেলসো, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এক্সকুয়েল প্যালাসিওস, ভ্যালেন্টাইন বার্কো, লিয়েন্দ্রো পারাদেস
ফরোয়ার্ড : লিওনেল মেসি, জুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেজ, থিয়াগো আলমাডা, নিকোলাস পাজ, লাউতারো মার্টিনেজ, হোসে ম্যানুয়েল লোপেজ, গিলিয়ানো সিমিওনে