Alipurduar: ১০ কোটি টাকা দুর্নীতির অভিযোগ, তৃণমূল নেতাকে কোমরে দড়ি পরিয়ে নিয়ে গেল পুলিশ | TMC leader arrested in connection with an alleged corruption case in Alipurduar
ধৃত তৃণমূল নেতা মানস রায়Image Credit: TV9 Bangla
আলিপুরদুয়ার: কোমরে দড়ি। রাস্তা দিয়ে তৃণমূল নেতাকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ। রাস্তার পাশে দাঁড়িয়ে দেখছে সাধারণ মানুষ। বৃহস্পতিবার এই দৃশ্য দেখা গেল আলিপুরদুয়ারের শামুকতলা থানা এলাকায়। দুর্নীতির অভিযোগে ধৃত তৃণমূল প্রাক্তন জেলা সহ-সভাপতি মানস রায়ের কোমরে দড়ি বেঁধে এভাবেই প্রকাশ্যে হাঁটিয়ে নিয়ে গেল পুলিশ। প্রায় ১০ কোটি টাকার দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে মানস রায়কে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
অভিযোগ, মাঝেরডাবড়ি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন সরকারি প্রকল্পে ২০১৮ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত বিপুল পরিমাণ আর্থিক দুর্নীতি হয়েছে। এই দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে তৃণমূল নেতা মানস রায় এবং তাঁর স্ত্রী তথা প্রাক্তন গ্রাম প্রধান বুবুন রায়ের বিরুদ্ধে। তদন্তকারী সূত্রে জানা গিয়েছে, সরকারি প্রকল্পের টাকা নয়ছয়, অনিয়ম এবং আর্থিক তছরুপের মাধ্যমে প্রায় ১০ কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে অভিযোগ।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই সময় মানস রায় তৃণমূলের যুব জেলা সভাপতির পদেও ছিলেন। দীর্ঘদিন ধরেই এলাকায় তাঁর বিরুদ্ধে দুর্নীতি ও প্রভাব খাটিয়ে অনিয়ম চালিয়ে যাওয়ার অভিযোগ উঠছিল। স্থানীয়দের একাংশ ক্ষোভ প্রকাশ করে একাধিকবার প্রশাসনের দ্বারস্থ হন বলেও জানা গিয়েছে।
অবশেষে এক স্থানীয় গ্রামবাসীর লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে শামুকতলা থানার পুলিশ। এরপর মানস রায়কে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার তাঁকে আলিপুরদুয়ার আদালতে তোলা হলে বিচারক ৯ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। তবে এই মামলায় অভিযুক্ত মানস রায়ের স্ত্রী তথা প্রাক্তন প্রধান বুবুন রায় এখনও অধরা। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।