Samik Bhattacharya on TMC: ‘বাজারে সবজি কিনতে গেলেও তো টিপে টিপে দেখতে হয়’, দরজা কি খোলা? কী বলছেন শমিক | Samik Bhattacharya comments on TMC leaders who are leaving party posts
কলকাতা: ৪ মে-র পর বাংলার পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে নানা রাজনৈতিক জল্পনা ঘুরছে। তৃণমূলের বেশ কয়েকজন নেতা-নেত্রী যেভাবে পরপর দলীয় পদ ছাড়ছেন, তাতে দলবদলের জল্পনাও উড়িয়ে দিচ্ছে না কেউ কেউ। কিন্তু প্রশ্ন হল, বিজেপি কি দরজা খোলা রেখেছে? তৃণমূল নেতাদের জায়গা দেবে তারা? এই প্রশ্নের উত্তরে বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য দ্ব্যর্থহীন ভাষায় বলেন, ‘বিজেপির দরজা বন্ধ।’
এরই মধ্যে যে ‘ভালো তৃণমূলি’র কথা বলেছিলেন শমিক, তার কী হল? এই প্রশ্নের উত্তরে শমিক বলেন, “আমি বলেছিলাম ভালো তৃণমূলের কথা। এর কোনও ব্যাখ্যা নেই। যে কর্মী তৃণমূলের থেকে একটু আলাদা, মানুষ যাঁদের চেনে, তাঁদের কথাই বললেন শমিক। তবে তাঁদের যে দলে নেওয়া হবে, তা বলছেন না তিনি। তাঁর দাবি, এমন কোনও কর্মী যদি নিজেকে বদলে ফেলে রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে থাকতে চান, তাহলে দল (বিজেপি) সিদ্ধান্ত নেবে।
সম্প্রতি কাকলি ঘোষ দস্তিদার, অরূপ চক্রবর্তী, সুশান্ত ঘোষের মতো নেতারা দলীয় পদে ইস্তফা দিয়েছেন। তাঁদের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জল্পনা বাড়ছে। সেই প্রসঙ্গে শমিক বলেন, “বিজেপির ওই নেতাদের প্রয়োজন নেই, তৃণমূলের কিছু নেতার বিজেপিকে প্রয়োজন আছে। ওরা নতুন তৃণমূল গড়ুন। বিজেপির দরজা খোলা হবে না।” তবে এর মধ্যে থেকেও কাউকে বাছা হবে কি না, সেই প্রশ্ন শমীক বলেন, “বাজারে সবজি করতে গেলেও তো টিপে টিপে দেখতে হয়।”