৮ম বেতন কমিশনে বড় আপডেট! পেনশনে মিলতে পারে নতুন ‘অপশন’ - 24 Ghanta Bangla News
Home

৮ম বেতন কমিশনে বড় আপডেট! পেনশনে মিলতে পারে নতুন ‘অপশন’

Spread the love

নয়াদিল্লি: অষ্টম বেতন কমিশনের আলোচনার টেবিলে এই মুহূর্তে সবচেয়ে বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে পেনশন। বিশেষ করে ন্যাশনাল পেনশন সিস্টেম বা এনপিএস (NPS)-এর আওতায় থাকা কর্মচারীদের ক্ষোভ ও উদ্বেগের …

নয়াদিল্লি: অষ্টম বেতন কমিশনের আলোচনার টেবিলে এই মুহূর্তে সবচেয়ে বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে পেনশন। বিশেষ করে ন্যাশনাল পেনশন সিস্টেম বা এনপিএস (NPS)-এর আওতায় থাকা কর্মচারীদের ক্ষোভ ও উদ্বেগের কথা মাথায় রেখেই এবার বিকল্প ব্যবস্থার কথা ভাবছে কেন্দ্র। ইউনিয়ন প্রতিনিধিদের দাবি, কর্মচারীরা তাঁদের অবসরের পরবর্তী জীবন সুরক্ষিত করতে আরও বেশি স্বচ্ছতা ও স্পষ্ট বার্তা চান। আর সেই কারণেই বর্তমান ব্যবস্থার মধ্যেই কর্মচারীদের পেনশন কাঠামো বেছে নেওয়ার সুযোগ দেওয়ার প্রস্তাব নিয়ে চর্চা চলছে। (8th Pay Commission Pension Choice)

বর্তমানে ১ জানুয়ারি, ২০০৪ সালের পর নিযুক্ত বেশিরভাগ কেন্দ্রীয় সরকারি কর্মীই এনপিএস (NPS)-এর আওতায় পড়েন। এটি সম্পূর্ণভাবে বাজার-নির্ভর (Market-linked) এবং কন্ট্রিবিউটরি একটি ব্যবস্থা। অর্থাৎ, কর্মীর বেতন থেকে কাটা অংশ এবং সরকারের দেওয়া অনুদান মিলে যে তহবিল তৈরি হয়, বাজারের ওঠা-পড়ার ওপর নির্ভর করে তারই ভিত্তিতে রিটার্ন বা পেনশন মেলে৷

এর বিপরীতে, পুরনো পেনশন স্কিম বা ওপিএস (OPS)-এ শেষ পাওয়া বেতন ও মহার্ঘ ভাতার (DA) ওপর ভিত্তি করে একটি নির্দিষ্ট পেনশনের গ্যারান্টি থাকত। সম্প্রতি কেন্দ্র সরকার ইউনিফাইড পেনশন স্কিম (UPS) চালু করেছে, যেখানে কন্ট্রিবিউটরি কাঠামোর সঙ্গে কিছু ক্ষেত্রে নিশ্চিত পেনশনের সুরক্ষাকে মেলানোর চেষ্টা করা হয়েছে। তবে ইউনিয়ন প্রতিনিধিদের মতে, ভবিষ্যৎ পেনশন নিয়ে কর্মীদের মনে এখনও এক ধরনের অনিশ্চয়তা রয়েছে। তাই বর্তমান কাঠামোর ভেতরেই কর্মচারীদের পছন্দমতো পথ বেছে নেওয়ার স্বাধীনতা দিতেই এই নতুন প্রস্তাব নিয়ে আলোচনা গতি পেয়েছে।

কেন এই পরিবর্তনের দাবি তুলছেন কর্মীরা?

অষ্টম বেতন কমিশনের সামনে পেনশনের নিরাপত্তা এখন সবচেয়ে সংবেদনশীল বিষয়। অল ইন্ডিয়া এনপিএস এমপ্লয়িজ ফেডারেশন (AINPSEF) ইতিমধ্যেই কমিশনের কাছে জোরালো যুক্তি দিয়েছে যে, দীর্ঘ কয়েক দশক চাকরি করার পর একজন কর্মীর অবসরকালীন নিরাপত্তা কেন পুরোপুরি বাজার-নির্ভর রিটার্নের ওপর ছেড়ে দেওয়া হবে? ইউনিয়নগুলির দাবি, বর্তমান ব্যবস্থার মধ্যেই ওপিএস (OPS)-এর মতো সুনিশ্চিত পেনশনের গ্যারান্টি এবং মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মহার্ঘ ভাতার সুরক্ষা দিতে হবে।

স্বেচ্ছাবসর (VRS) নিয়েও বড় প্রস্তাব

পেনশন কাঠামো পরিবর্তনের পাশাপাশি স্বেচ্ছাবসর বা ভিআরএস (VRS) নিয়েও বড়সড় সংস্কার চাইছে কর্মী সংগঠনগুলি। প্রস্তাব দেওয়া হয়েছে, কোনও কর্মী স্বেচ্ছাবসর নিলে, অবসরের ঠিক পরদিন থেকেই যেন তিনি সুনিশ্চিত পেনশন পেতে শুরু করেন।

আসলে, পুরনো ওপিএস ব্যবস্থায় নির্দিষ্ট বছর চাকরি করার পর স্বেচ্ছাবসর নিলেও পেনশনের ক্ষেত্রে কোনও জটিলতা হতো না। কিন্তু এনপিএস-এর মতো কন্ট্রিবিউটরি ব্যবস্থায় তহবিল জমার পরিমাণ এবং অবসরের শর্তের কারণে আগাম অবসর নেওয়াটা আর্থিক দিক থেকে বেশ ঝুঁকিপূর্ণ ও অনিশ্চিত হয়ে পড়ে। কর্মী সংগঠনগুলির সাফ কথা, কয়েক দশক দেশসেবা করার পর স্বেচ্ছাবসরের কারণে কোনও কর্মীর অবসরকালীন নিরাপত্তা যেন বিঘ্নিত না হয়।

বেতন বৃদ্ধির চেয়েও এখন পাখির চোখ পেনশন

আগের বেতন কমিশনগুলিতে যেখানে মূলত মূল বেতন বৃদ্ধি এবং ভাতা (Allowances) বাড়ানোর ওপর জোর দেওয়া হতো, এবার কিন্তু ছবিটা আলাদা। অষ্টম বেতন কমিশনের আলোচনায় এখন মূল ফোকাস হয়ে দাঁড়িয়েছে দীর্ঘমেয়াদি আর্থিক স্থিতিশীলতা, মূল্যস্ফীতি থেকে সুরক্ষা এবং পেনশন ব্যবস্থার কাঠামোগত সংস্কার। দেশের বিভিন্ন রাজ্যে ইতিমধ্যেই কমিশনের পক্ষ থেকে ইউনিয়নগুলির সঙ্গে বৈঠক শুরু হয়েছে। আর আলোচনা যত এগোচ্ছে, ততই স্পষ্ট হচ্ছে যে, ‘কতটা বেতন বাড়ছে’ তার চেয়েও কর্মীরা বেশি জানতে চান, ‘অবসরের পর তাঁদের ভবিষ্যৎ কতটা সুরক্ষিত’।

ভিডিও নিউজ দেখুন

https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *