নিট-কাণ্ডের প্রতিবাদ জানিয়ে ‘বিপাকে’ বিশাল? মুখ খুললেন গায়ক-সুরকার
সারা দেশে নিট প্রশ্নপত্র ফাঁস বিতর্ক ঘিরে যখন তীব্র উত্তেজনা, তখন বিষয়টি নিয়ে সরব হয়েছিলেন গায়ক-সুরকার বিশাল দদলানী। সরকারের ভূমিকা নিয়ে তাঁর মন্তব্যের পর থেকেই সমাজমাধ্যমে জোর গুঞ্জন ছড়ায়— জনপ্রিয় এক রিয়্যালিটি শো থেকে নাকি তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরেই রাজনৈতিক বিষয়ে স্পষ্ট অবস্থানের জন্য পরিচিত বিশাল। তাই অনেকেই মনে করেছিলেন, নিট-কাণ্ড নিয়ে তাঁর মন্তব্যের জেরেই নাকি এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সম্প্রতি নিট দুর্নীতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে বিশাল সমাজমাধ্যমে লেখেন, এমন মানুষদের ক্ষমতায় রাখা উচিত নয়। যদিও তিনি কাকে উদ্দেশ্য করে এই মন্তব্য করেছিলেন, তা খোলসা করেননি। কিন্তু তাঁর পোস্ট ঘিরে দ্রুত শুরু হয় নানা জল্পনা। নেটমাধ্যমে ছড়িয়ে পড়ে, এক জনপ্রিয় টেলিভিশন রিয়্যালিটি শো থেকে তাঁকে নাকি বাদ দেওয়া হয়েছে।
তবে মঙ্গলবার নিজেই সেই জল্পনায় জল ঢালেন বিশাল। সমাজমাধ্যমে তিনি স্পষ্ট জানান, এই খবরের কোনও ভিত্তি নেই। বরং মজার সুরেই তিনি লেখেন, ইন্টারনেটে দেখা সব খবর বিশ্বাস না করাই ভাল, কারণ এখন ভুয়ো তথ্য খুব সহজেই ছড়িয়ে পড়ে। পাশাপাশি নিজের মত প্রকাশের লড়াই চালিয়ে যাওয়ার কথাও বলেন তিনি।
গোটা বিতর্কের মাঝেই একেবারে নাটকীয় ভঙ্গিতে জবাব দিলেন বিশাল দদলানী। সমাজমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করেন তিনি। সেখানে দেখা যায়, ‘ইন্ডিয়ান আইডল’-এর সেটে বসে প্রথমে চোখে জল আসার অভিনয় করছেন বিশাল। মুহূর্তের মধ্যেই হাসিতে ফেটে পড়ে বলেন, “আমি তো এখনও এখানেই আছি, বেবি!” অর্থাৎ, জনপ্রিয় রিয়্যালিটি শো থেকে তাঁকে সরিয়ে দেওয়ার খবর যে সম্পূর্ণ ভুয়ো, তা স্পষ্ট করে দেন গায়ক নিজেই।
বিশালের এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা দ্রুত ভাইরাল হয়ে যায়। অনুরাগীদের এক বড় অংশ তাঁর পাশে দাঁড়ান। অনেকেই মন্তব্য করেন, কোনও তারকা সামাজিক বা রাজনৈতিক বিষয়ে মুখ খুললেই তাঁকে ঘিরে নানা বিভ্রান্তিকর খবর ছড়ানো এখন নিত্যনৈমিত্তিক ঘটনা। বিশালের স্পষ্টভাষী মনোভাবেরও প্রশংসা করেছেন অনেকে।