Suri hospital: সুপার স্পেশালিটি হাসপাতালে গর্ভপাতের অপারেশনের সময় মহিলার খাদ্যনালী কেটে দিলেন ডাক্তার! | Doctor cuts woman’s esophagus during abortion operation
সিউড়ি: ভয়ঙ্কর ঘটনা বীরভূমের সিউড়িতে। সেখানে সুপার স্পেশালিটি হাসপাতালে গর্ভপাতের অপারেশন করতে গিয়ে এক রোগীর খাদ্যনালী কেটে ফেলার অভিযোগ উঠল চিকিৎসকের বিরুদ্ধে। ওই রোগীর নাম শুখতারা বিবি। তিনি দুবরাজপুরের বাসিন্দা।
রোগীর পরিবারের দাবি, গত ২২ মে অপারেশনের সময় ঘটনাটি ঘটে। অভিযোগ, প্রথমে পুরো বিষয়টি গোপন রাখে হাসপাতাল। পরে রোগীকে বর্ধমানে স্থানান্তরিত করা হয়। তবে শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে স্থানান্তর করা সম্ভব হয়নি। এই ঘটনায় হাসপাতাল সুপারের কাছে মৌখিক অভিযোগ জানানো হয়েছে। হাসপাতাল সুপার প্রকাশ চন্দ্র বাগ বলেন, “চিকিৎসার স্বার্থে ইতিমধ্যেই ছ’জনের একটি চিকিৎসক দল গঠন করা হয়েছে এবং লিখিত অভিযোগ পেলে তদন্ত হবে।”
রোগীর দাদা বলেন, “১৫ তারিখে ভর্তি করেছিলাম। ডক্টর অপারেশন করছিলেন। সেই সময় জুনিয়র ডাক্তার নবারুণ দাস খাদ্যনালীই কেটে দিয়েছে। এটা তো আমরা জানতেই পারিনি।রোগীর কিন্তু জ্ঞান ছিল। তিনি কিছুটা আন্দাজ করতে পেরেছিলেন কিছু একটা হয়েছে। কারণ ডাক্তাররা নিজেদের মধ্যে আলোচনা করছিলেন যে কত বড় ভুল করেছে তারা। প্রথমে রোগীর পরিবারের লোককে কিছু না বললেও পরে ডাক্তাররা পুরো বিষয়টি জানায়।”