লখনৌ-আগ্রা এক্সপ্রেসওয়েতে উল্টে গেল দোতলা বাস, মৃত কমপক্ষে ৬, গুরুতর জখম অন্তত ১৫
উত্তরপ্রদেশের উন্নাও জেলায় লখনৌ-আগ্রা এক্সপ্রেসওয়েতে পথ দুর্ঘটনা। মৃত কমপক্ষে ছয় এবং গুরুতর জখম অন্তত ১৫। মঙ্গলবার সকালে একটি দ্রুতগতির দোতলা বাস আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারে ধাক্কা মারে। যার জেরে উল্টে যায় বাসটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় অউরাস থানার পুলিশ, স্থানীয় প্রশাসন এবং উদ্ধারকারী দল। তারা সকলকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, বাসটি দিল্লি থেকে যাত্রী নিয়ে বিহারের দিকে যাচ্ছিল। বাসটি লখনৌ-আগ্রা এক্সপ্রেসওয়ে ধরে যাচ্ছিল। চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারে ধাক্কা মারলে বাস উল্টে যায়। ধাক্কার তীব্রতা এতটাই বেশি ছিল, যে বাসের বেশ কয়েকটি জানলার কাচ ভেঙে চুরমার হয়ে যায়। কয়েকজন যাত্রী বাসের জানলা দিয়ে ছিটকে রাস্তায় পড়েন। বাসের ভিতরের সিটের নীচেও অনেকে আটকে পড়েন। পুলিশের অনুমান, চালক তন্দ্রাচ্ছন্ন হওয়ায় তিনি নিয়ন্ত্রণ হারান।
যাত্রীদের চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয়রা। তাঁরাই খবর দেন পুলিশে। পুলিশ সকলকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে ছজনকে মৃত ঘোষণা করা হয়। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য লখনউ ট্রমা সেন্টারে স্থানান্তরিত করা হয়।
পুলিশ জানিয়েছে, মৃতদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। দেহগুলি ইতিমধ্যেই ময়নাতদন্তে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে, বাসের গতি অত্যন্ত বেশি ছিল। দুর্ঘটনার জেরে লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে বেশ কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ থাকে। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হয়ে গিয়েছে। পুলিশ ইতিমধ্যেই দুর্ঘটনাগ্রস্ত বাসটি রাস্তা থেকে সরিয়ে নিয়ে গিয়েছে। একই সঙ্গে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।