Uniform Civil Code: এক স্ত্রী থাকলে, আর বিয়ে করা যাবে না! সম্পত্তিতে মেয়েদের সমান অধিকার, এবার এই রাজ্যেও চালু হচ্ছে অভিন্ন দেওয়ানি বিধি | Assam Set to Implement Uniform Civil Code, No Polygamy, Equal Property Rights for Women, What UCC Rules Says
গুয়াহাটি: এক দেশ, এক নিয়ম। অভিন্ন দেওয়ানি বিধি(Uniform Civil Code)-র পথে হাঁটছে আরও এক রাজ্য। আজ, সোমবার অসম (Assam) সরকার রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করতে বিধানসভায় অধ্যাদেশ আনল। বিয়ে থেকে বিবাহ বিচ্ছেদ, সম্পত্তির উত্তরাধিকার- সমস্ত ক্ষেত্রেই সকলের জন্য একই নিয়ম চালু করা হবে।
সংবিধানের ৪৪ অনুচ্ছেদে অভিন্ন দেওয়ানি বিধির সপক্ষে বলা হলেও, স্বাধীনতার পর থেকেই ধর্মের ভিত্তিতে নানা আইন রয়েছে। সেই আইন পরিবর্তন করেই সকলের জন্য় অভিন্ন আইন চালু করা হচ্ছে। আগামিকাল, মঙ্গলবার এই বিল নিয়ে ভোটাভুটি হতে পারে। চলতি বছরের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রতিশ্রুতি ছিল ক্ষমতায় এলেই অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করা হবে।
অসমে অভিন্ন দেওয়ানি বিধিতে কী কী বিধান থাকবে, তা এখনও জানা যায়নি। তবে গত ১৩ মে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sarma) জানিয়েছেন যে বিয়ের ন্যূনতম বয়স, পারিবারিক সম্পত্তিতে মহিলাদের অধিকার নিশ্চিত করা হবে। বহুগামিতা সম্পূর্ণ রূপে বন্ধ করা হবে। লিভ ইন সম্পর্ককে স্বীকৃতি দেওয়া হবে। বিয়ে ও ডিভোর্সে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হবে। তিনি আরও জানিয়েছেন, আদিবাসীদের অভিন্ন দেওয়ানি বিধির নিয়মে অন্তর্ভুক্ত করা হবে না। তাদের ধর্মীয় রীতি-নীতিতেও অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে না। প্রসঙ্গত, অসমের জনসংখ্যার ১২.৪৫ শতাংশ আদিবাসী। মুসলিমদের জনসংখ্যা ৩৪.২২ শতাংশ।
২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে উত্তরাখণ্ডে প্রথম অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করা হয়। এরপরে মার্চ মাসে গুজরাটেও অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর হয়। মধ্য প্রদেশেও অভিন্ন দেওয়ানি বিধির খসড়া তৈরির জন্য কমিটি গঠন করা হয়েছে। গোয়াতে আলাদাভাবে গোয়া সিভিল কোড রয়েছে।
২০১৪ সালে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে যে যে প্রতিশ্রুতিগুলি দিয়েছে, তার মধ্যে অন্যতম ছিল রাম মন্দির প্রতিষ্ঠা, ৩৭০ অনুচ্ছেদ অবলুপ্ত করে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার এবং অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করা। প্রথম দুটি প্রতিশ্রুতি পূরণ করা হলেও, দেশ জুড়ে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করা যায়নি এখনও।