লখনউয়ের বিরুদ্ধে আজ রাজস্থানের মরণপন লড়াই
কলকাতা: ইতিমধ্যে প্লে-অফে জায়গা করে নিয়েছে বেঙ্গালুরু, গুজরাত, হায়দরাবাদ। বাকি একটি স্থান রিজার্ভের লড়াইয়ে রয়েছে পাঁচটি দল – পঞ্জাব, রাজস্থান, দিল্লি, চেন্নাই ও কলকাতা। এমন পরিস্থিতিতে আজ (১৯ …
কলকাতা: ইতিমধ্যে প্লে-অফে জায়গা করে নিয়েছে বেঙ্গালুরু, গুজরাত, হায়দরাবাদ। বাকি একটি স্থান রিজার্ভের লড়াইয়ে রয়েছে পাঁচটি দল – পঞ্জাব, রাজস্থান, দিল্লি, চেন্নাই ও কলকাতা। এমন পরিস্থিতিতে আজ (১৯ মে) লখনউ সুপার জায়ান্টসের সম্মুখীন হবে রাজস্থান রয়্যালস। জয়পুরের সাওয়াই মানসিং স্টেডিয়ামে খেলা শুরু সন্ধ্যে ৭:৩০ মিনিটে। (Rajasthan Royals Must Win Match IPL 2026 vs LSG)
এই মুহূর্তে ১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে রাজস্থান রয়েছে পঞ্চম স্থানে। গত তিন ম্যাচেই পরাজিত রিয়ান পরাগ বাহিনী। আজ লখনউয়ের বিরুদ্ধে হারলে প্লে-অফে যাওয়ার আর কোনো আশা থাকবে না। তাই ঘরের মাঠের সুবিধা নিয়ে এই ম্যাচটি জেতাই এখন তাদের প্রধান লক্ষ্য।
পক্ষান্তরে, প্লে-অফের দৌড়ে আগেই ছিটকে গিয়েছে ঋষভ পন্থের লখনউ। বর্তমানে ১২ ম্যাচে মাত্র ৮ পয়েন্ট নিয়ে তারা রয়েছে সকলের নিম্নে। এমতাবস্থায় আজ অ্যাওয়ে ম্যাচটি তাদের জন্য শুধু মর্যাদা রক্ষার খেলা। শেষের এই ম্যাচগুলো হেলায় হারাতে চাইবে না। তাহলে ভক্তদের সমর্থনও হারাতে পারে এই দলটি।
পরিসংখ্যান অনুসারে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সব মিলিয়ে এই দুই দল মোট সাতটি ম্যাচ খেলেছে। সেখানে রাজস্থান রয়্যালস পাঁচটি এগিয়ে এবং লখনউ সুপার জায়ান্টস দুটি ম্যাচে জয়লাভ করে পিছিয়ে রয়েছে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যায় জয়পুরের তাপমাত্রা প্রায় ৩৭° সেলসিয়াস সহ প্রচণ্ড গরম থাকবে। এছাড়া নির্ধারিত সময়ে প্রত্যাশিত আর্দ্রতা প্রায় ১৭-২৫ শতাংশ থাকবে।
এটি একটি হাই স্কোরিং ভেন্যু। জয়পুরের এই পিচে বোলারদের জন্য তেমন কোনো সাহায্য নেই। এছাড়া শিশিরের কারণে বোলিং দলের জন্য পরিস্থিতি কঠিন হয়ে ওঠে।
রাজস্থান রয়্যালস সম্ভাব্য একাদশ: যশস্বী জয়সওয়াল, বৈভব সূর্যবংশী, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), রিয়ান পরাগ (অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, ডোনোভান ফেরেরা, শুভম দুবে, জোফ্রা আর্চার, অ্যাডাম মিলনে, ব্রিজেশ শর্মা, যশ রাজ পুঞ্জা।
ইমপ্যাক্ট প্লেয়ার: দাসুন শানাকা।
লখনউ সুপার জায়ান্টস সম্ভাব্য একাদশ: মিচেল মার্শ, নিকোলাস পুরান, এইডেন মার্করাম, ঋষভ পন্থ (অধিনায়ক, উইকেটরক্ষক), মুকুল চৌধুরী, আব্দুল সামাদ, শাহবাজ আহমেদ, মহম্মদ শামি, মায়াঙ্ক যাদব, আকাশ মহারাজ সিং, প্রিন্স যাদব।
ইমপ্যাক্ট প্লেয়ার: জশ ইঙ্গলিস।