১৫ লাখে NEET-UG’র প্রশ্ন কিনেছিলেন বাবা, ছেলে ৭০২ নম্বরের মধ্যে পেল মাত্র ১০৭! - 24 Ghanta Bangla News
Home

১৫ লাখে NEET-UG’র প্রশ্ন কিনেছিলেন বাবা, ছেলে ৭০২ নম্বরের মধ্যে পেল মাত্র ১০৭!

Spread the love

পরীক্ষার আগে ১৫ লক্ষ টাকা দিয়ে প্রশ্নপত্র কিনেছিলেন বাবা। তাতেও শেষ রক্ষা হয়নি। ৭২০ নম্বরের পরীক্ষায় মাত্র ১০৭ নম্বর পেয়ে ফেল করেছে ছেলে। সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা, ‘নিট-ইউজি’ (NEET-UG ২০২৬)-এর প্রশ্নপত্র ফাঁসের তদন্তে জানা গেল এক চাঞ্চল্যকর তথ্য। উপরে যে বাবার কথা বলা হয়েছে, তিনি আর কেউ নন এই ঘটনায় মূল অভিযুক্ত, রাজস্থানের সিকারের বাসিন্দা দীনেশ বিওয়াল।

CBI ইতিমধ্যেই এই চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এই বিওয়াল পরিবারের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে। দীনেশ ছাড়াও গ্রেপ্তার হয়েছেন মাঙ্গিলাল বিওয়াল এবং বিকাশ বিওয়াল। CBI-এর দাবি, গুরুগ্রামের যশ যাদব নামের এক ব্যক্তির কাছ থেকে ১৫ লক্ষ টাকায় প্রশ্নপত্রটি কিনেছিলেন দীনেশ।

প্রাথমিক ভাবে তিনি প্রশ্নপত্রটি কিনেছিলেন নিজের ছেলে ঋষির জন্য। প্রশ্নফাঁসের অভিযোগ ওঠার পরে এই পরীক্ষা বাতিল করেছে NTA। কিন্তু, তদন্তের স্বার্থে ঋষির OMR শিট বিশ্লেষণ করে CBI দেখেছে, পরীক্ষার আগেই প্রশ্নপত্র হাতে পেয়েও ঋষি মাত্র ১০৭ নম্বর পেয়েছে।

ঋষির জন্য কিনলেও এর পরে ওই প্রশ্নপত্রটি বিওয়াল পরিবার সিকারের অন্যান্য পরীক্ষার্থীদের কাছে ৩০ লক্ষ টাকার বিনিময়ে বিক্রি করেছিলেন। তবে এই প্রথম নয়, নিট-ইউজি-র প্রশ্নপত্র কেনাবেচা বিওয়াল পরিবার এর আগেও করেছে বলে সন্দেহ তদন্তকারীদের।

২০২৫ সালের ‘নিট’ পরীক্ষায় অভাবনীয় সাফল্য পেয়ে সরকারি মেডিক্যাল কলেজে ভর্তি হয়েছিলেন বিওয়াল পরিবারের পাঁচ জন সদস্য। অথচ এর আগে স্কুলে বা বর্তমানে কলেজে তাঁদের পারফরম্যান্স অত্যন্ত সাধারণ। যা দেখে বিশ্বাস করাই কঠিন যে তাঁরা ‘নিট’ পরীক্ষা পাশ করেছেন।

এর থেকেই তদন্তকারীদের সন্দেহ, শুধু এই বছরেই নয়, গত বছরও একই চক্র প্রশ্নপত্র ফাঁস করেছিল। বর্তমানে দীনেশের ছেলে ঋষি এবং তাঁর এক ভাইপো পলাতক। পুলিশ এবং গোয়েন্দা সূত্রের খবর, ধৃতদের দিল্লি আদালতে পেশ করে জেরা করা হচ্ছে। এই প্রশ্ন ফাঁস চক্রের জাল কতদূর বিস্তৃত, তা খতিয়ে দেখছেন বিশেষজ্ঞরা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *