West Bengal Job Exam Age Limit: চাকরি পরীক্ষার্থীদের জন্য সুখবর, বড় নির্দেশিকা জারি অর্থ দফতরের | West Bengal Government Raises Upper Age Limit for State Job Exams by 5 Years
কলকাতা: তৃণমূলের আমলে যুবসমাজ চাকরি পায়নি বলে ভোটের প্রচারে বারবার সরব হয়েছিল বিজেপি। নিজেদের ইস্তাহারে তারা জানিয়েছিল, ক্ষমতায় এলে চাকরির পরীক্ষায় বসার বয়সসীমা ৫ বছর বাড়ানো হবে।রাজ্যের বিজেপি ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েই সেকথা ফের জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী। এবার প্রশাসনিকভাবে এই নিয়ে নির্দেশিকা জারি করল রাজ্যের অর্থ দফতর।
নির্দেশিকায় কী জানাল অর্থ দফতর?
প্রত্যেক সরকারি চাকরির পরীক্ষায় বসার জন্য সর্বোচ্চ বয়সসীমা রয়েছে। বিভিন্ন চাকরির পরীক্ষার ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা বিভিন্ন। গত ৯ মে শপথ নেওয়ার পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন, চাকরির পরীক্ষার ক্ষেত্রে ৫ বছর বয়সসীমা বাড়ানো হবে। তারপর এদিন নির্দেশিকা জারি করে অর্থ দফতর জানিয়ে দিল, নতুন নিয়ম কার্যকর ধরা হবে গত ১১ মে থেকে। অর্থাৎ মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের ২ দিন পর থেকে।
কোন চাকরির পরীক্ষায় বয়সসীমা বেড়ে কত হল?
নির্দেশিকায় বলা হয়েছে, গ্রুপ ‘এ’ পদে সর্বোচ্চ বয়সসীমা করা হয়েছে ৪১ বছর। গ্রুপ ‘বি’ পদে সর্বোচ্চ বয়সসীমা করা হয়েছে ৪৪ বছর। গ্রুপ ‘সি’ ও গ্রুপ ‘ডি’ পদে সর্বোচ্চ বয়সসীমা করা হয়েছে ৪৫ বছর। যেসব পদে আগে থেকেই এর চেয়ে বেশি বয়সসীমা ছিল, তা অপরিবর্তিত থাকবে। পাবলিক সার্ভিস কমিশনের বাইরে অন্যান্য নিয়োগ ক্ষেত্রেও সর্বোচ্চ বয়সসীমা হবে ৪৫ বছর।
ভোটের প্রচারে বিজেপি নেতারা বারবার অভিযোগ করেছিলেন, তৃণমূল আমলে রাজ্যে সরকারি নিয়োগ পরীক্ষা না হওয়ায় চাকরির পরীক্ষায় বসার সর্বোচ্চ বয়সসীমা অনেকে পেরিয়ে গিয়েছেন। তাঁদের সুযোগ দিতেই সর্বোচ্চ বয়সসীমা ৫ বছর বাড়ানোর কথা জানিয়েছিল বিজেপি। ক্ষমতায় এসেই এবার সেটাই বাস্তবায়িত করল বিজেপি সরকার।