ফ্রিজে খাবার সংরক্ষণের টিপস দিল FSSAI
গ্রীষ্মকালে সবচেয়ে বেশি ভুগতে হয় পেটের সমস্যায়। ভুল খাওয়ার জেরেই এমনটা হয়। কিন্তু অনেক সময়ে স্বাস্থ্যকর খাবার খেয়েও ভুগতে হয় পেটের গণ্ডগোল। কারণ আপনি ভুল উপায়ে খাবার সংরক্ষণ করেন। গ্রীষ্মকালে খাবার দ্রুত পচে যায়। তাই ফ্রিজে খাবার রাখলেও কিছু নিয়ম মানতেই হয়। সম্প্রতি FSSAI খাবার সংরক্ষণের কিছু টিপস শেয়ার করেছে। এই নিয়ম মানলে খাবারে পচন ধরবে না। পাশাপাশি খাবার খেয়ে সংক্রমণেও ভুগতে হবে না।
রান্না করা খাবার আলাদা রাখুন
FSSAI-এর মতে, কাঁচা খাবার এবং রান্না করা খাবার সব সময়ে আলাদা রাখা উচিত। কাঁচা মাছ, মাংস ইত্যাদি সব সময়ে আলাদা কৌটোতে এবং ফ্রিজের আলাদা জায়গায় সংরক্ষণ করুন। এগুলোতে ব্যাকটেরিয়া বেশি থাকে। এগুলো যাতে রান্না করা খাবার কিংবা কাঁচা শাকসব্জি, ফলের সংস্পর্শে না আসে, সে দিকে খেয়াল রাখবেন। তাই প্রতিটা খাবার সংরক্ষণের জন্য আলাদা এয়ার টাইট কৌটো ব্যবহার করুন।