দেশজুড়ে বর্ষার এন্ট্রি! আজই আন্দামানে ঢুকল মৌসুমি বায়ু, বাংলায় কবে স্বস্তির বৃষ্টি?
কলকাতা: ঘর্মাক্ত গরম আর চড়া রোদের হাত থেকে এবার রেহাই মেলার কাউন্টডাউন শুরু। দেশবাসীর জন্য মস্ত বড় সুখবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর ও কেন্দ্রীয় মৌসম ভবন (IMD)। এবার …
কলকাতা: ঘর্মাক্ত গরম আর চড়া রোদের হাত থেকে এবার রেহাই মেলার কাউন্টডাউন শুরু। দেশবাসীর জন্য মস্ত বড় সুখবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর ও কেন্দ্রীয় মৌসম ভবন (IMD)। এবার ভারতের মূল ভূখণ্ডে বেশ কিছুটা আগেভাগেই পা রাখতে চলেছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২৬ মে কেরলে প্রবেশ করতে পারে বর্ষা। সাধারণত ১ জুন কেরলে বর্ষা ঢোকে, সেই হিসেবে এবার ৫ দিন আগেই বর্ষার বৃষ্টিতে ভিজবে দেশ। এমনকি আজ, শনিবারই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষার প্রথম বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তবে বাংলায় কবে বর্ষার প্রবেশ, তা নিয়ে এখনও চূড়ান্ত দিনক্ষণ স্পষ্ট করেনি হাওয়া অফিস। (IMD forecast early monsoon India)
আবহাওয়াবিদরা জানিয়েছেন, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট নিম্নচাপ ক্ষেত্র তৈরি হয়েছে। এর টানেই দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দ্রুত সক্রিয় হয়ে উঠেছে। এছাড়া পশ্চিম মধ্যপ্রদেশ থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে, যা পূর্ব মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার এবং উত্তরবঙ্গের ওপর দিয়ে গিয়েছে। এর ফলেই আবহাওয়ার এই বিরাট বদল।
উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, কাল জারি হাই-অ্যালার্ট
নিম্নচাপ অক্ষরেখার জেরে উত্তরবঙ্গের জেলাগুলিতে বর্ষার আবহ তৈরি হয়ে গিয়েছে। আজ, শনিবার থেকেই দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, ওপরের এই পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের আট জেলাতেই ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে।
আগামীকাল, রবিবার উত্তরবঙ্গে বৃষ্টির দাপট আরও বাড়বে। বিশেষ করে আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সোম ও মঙ্গলবারও জলপাইগুড়ি এবং কোচবিহারে ভারী বৃষ্টি চলবে। বুধবার থেকে বৃষ্টি কিছুটা কমবে।
দক্ষিণবঙ্গে কি এখনই বর্ষা? বাড়বে গরম ও অস্বস্তি
উত্তরবঙ্গে বৃষ্টির দাপট থাকলেও দক্ষিণবঙ্গের ভাগ্য এখনই সুপ্রসন্ন হচ্ছে না। মৌসম ভবন জানিয়েছে, দক্ষিণবঙ্গে এখনই ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আজ, শনিবার বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর ও পুরুলিয়ায় ৩০ থেকে ৫০ কিমি বেগে দমকা হাওয়া এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
তবে রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। উল্টে বাতাসে জলীয় বাষ্পের কারণে ভ্যাপসা গরম ও অস্বস্তিকর আবহাওয়া আরও বাড়বে। স্থানীয়ভাবে দু-এক জায়গায় বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে সামান্য বৃষ্টি হতে পারে।
কলকাতার আবহাওয়া কেমন থাকবে?
কলকাতায় আজ আকাশ আংশিক মেঘলা থাকলেও রোদের তেজ থাকবে ভরপুর। বৃষ্টির সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। আলিপুর জানিয়েছে, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৮ ডিগ্রি সেলসিয়াস এবং গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৭ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬০ থেকে ৯৪ শতাংশ হওয়ায় ঘাম ও অস্বস্তি কাবু করবে কলকাতাবাসীকে। গত ২৪ ঘণ্টায় মহানগরে ১৬.৪ মিমি বৃষ্টি হয়েছে।
দেশের আবহাওয়া একনজরে
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মহারাষ্ট্রের অমরাবতীতে, সেখানে পারদ ছুঁয়েছিল ৪৫.৬ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল অসমের হাফলং-এ, ১৭.০ ডিগ্রি সেলসিয়াস। আন্দামান, সিকিম এবং উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি রয়েছে।