গণপরিবহণের হাল ফিরবে কি? মুখ্যমন্ত্রীর ভরসায় বাসমালিকরা, শুরু স্মারকলিপি জমার প্রস্তুতি
সমিতির সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় তাঁদের আগামী দিনের কর্মসূচি প্রসঙ্গে বলেন, ‘রাজ্যে সার্বিক ভাবে যাত্রী পরিবহণ পরিষেবা নির্দিষ্ট পরিকল্পনার অভাবে দিনে দিনে খারাপ জায়গায় গিয়েছে। বাসের ন্যূনতম ভাড়া কত করা উচিত, এ বিষয়ে আমাদের কোনও দাবি থাকবে না। আমরা বেসরকারি গণপরিবহণের অবস্থা কী, মুখ্যমন্ত্রীর কাছে তা নিয়েই স্মারকলিপি জমা দেব।’ সমিতি জানিয়েছে, অপরিকল্পিত ভাবে বিভিন্ন রুটে চালু অটোরিকশা ও টোটো কী ভাবে বাসের ক্ষতি করেছে, সেই বিষয়টিও জানানো হবে মুখ্যমন্ত্রীকে। প্রতিবেশী ওডিশার মতো হাইওয়েতে মাসিক এক হাজার টাকার বিনিয়ময়ে পাস দেওয়ার প্রস্তাব এবং শহরতলি-সহ গোটা রাজ্যে প্রতিটি প্রধান সড়ক এবং রাজ্য ও জাতীয় সড়ক দখলমুক্ত করার আবেদনও করা হবে।