Sandeshkhali: প্রেসিডেন্সি জেল থেকে ফোন উদ্ধার, শাহজাহান নিয়ে বিস্ফোরক পুত্রহারা ভোলানাথ | Sandeshkhali Case: Bereaved Father Makes Explosive Claims Against Sheikh Shahjahan After Mobile Phones Recovered From Presidency Jail
সন্দেশখালি: বছর আড়াই আগে রাজ্যে শোরগোল পড়েছিল উত্তর ২৪ পরগনার সন্দেশখালিকে নিয়ে। খবরের শিরোনামে উঠে আসেন তৎকালীন তৃণমূল নেতা শেখ শাহজাহান। তারপর গ্রেফতার হওয়ার পর প্রেসিডেন্সি জেলে ঠাঁই হয় তাঁর। কিন্তু, জেলে বসেই শাহজাহান তাঁর নেটওয়ার্ক চালান বলে অভিযোগ করেছিলেন সন্দেশখালির ভোলানাথ ঘোষ। গত বছরের ডিসেম্বরে শাহজাহানের বিরুদ্ধে সাক্ষ্য দিতে যাওয়ার পথে লরির ধাক্কায় প্রাণ হারান ভোলানাথের ছেলে। আর শুক্রবার প্রেসিডেন্সি জেল থেকে ২৩টি মোবাইল উদ্ধারের পর ভোলানাথ বলছেন, তাঁর অভিযোগই ঠিক ছিল। শাহজাহানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে আবেদন জানান তিনি।
এদিন নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী জানান, প্রেসিডেন্সে জেলে গোপনে অভিযান চালিয়ে ২৩টি মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে। সংশোধনাগারের দুই কারা আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে। এই খবর পেয়েই স্বস্তির নিশ্বাস ফেললেন ভোলানাথ ঘোষ। হাতে ছেলের ছবি নিয়ে তিনি বলছেন, যে অভিযোগ তিনি করেছিলেন, তা সত্যি প্রমাণিত হল। শাহজাহান যে জেলের মধ্যে নেটওয়ার্ক চালান, তাঁর সেই অভিযোগই প্রমাণিত হল এতগুলো মোবাইল উদ্ধারের ঘটনায়।
২০২৫ সালের ১০ ডিসেম্বর শাহজাহানের বিরুদ্ধে মামলার সাক্ষী দিতে যাচ্ছিলেন ভোলানাথ। সন্দেশখালির বয়ারমারি পেট্রোল পাম্প এলাকায় বাসন্তী হাইওয়েতে ভোলানাথের গাড়িতে আচমকা লরির ধাক্কায় প্রাণ যায় ভোলানাথ ঘোষের ছেলে ও তাঁর চালকের। এই ঘটনায় ভোলানাথ ঘোষ শাহজাহান শেখের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছিলেন। তিনি বলেছিলেন, “জেলে বসে শেখ শাহজাহান মোবাইল ফোনের মাধ্যমে সন্দেশখালি নেটওয়ার্ক চালিয়ে আমাকে খুন করার পরিকল্পনা করে। এবং আমার ছেলে এবং গাড়িচালককে খুন করেছে।”
এদিন নিজের বাড়িতে বসে বিষণ্ণ কণ্ঠে ভোলানাথ বলেন, “আমি তো সেদিন ঠিকই বলেছিলাম। শাহজাহান শেখ জেলে বসে সন্দেশখালির পুরো নেটওয়ার্ক চালায়। এখনও শাহজাহান অনুগামীরা এলাকায় দাপাদাপি করছে এবং হুমকি দিচ্ছে।” সন্তানের মৃত্যুর বিচার চেয়ে হাতজোড় করে আর্জি জানালেন সন্তানহারা পিতা ভোলানাথ ঘোষ।