জ্বালানি সাশ্রয় আবহে ছাঁটাই হচ্ছে না সরকারি ব্যয় বরাদ্দ, জানালেন মোদী
সূত্রের খবর, ‘সংযম’–এর জন্য উন্নয়নমূলক প্রকল্পে ব্যয় বরাদ্দ কমানো বা কোনও চালু প্রকল্প যে বন্ধ করা হবে না, তা এ দিনের বৈঠকে স্পষ্ট করে দিয়েছেন মোদী। এই ইস্যুতে দেশের কোনও স্তরে যেন কোনও বিভ্রান্তি তৈরি না হয়, সে দিকে কেন্দ্রীয় মন্ত্রীদের বিশেষ দৃষ্টি দিতে বলেন প্রধানমন্ত্রী। জ্বালানি সাশ্রয়, বিদেশি মুদ্রা সঞ্চয় এবং ‘ওয়ার্ক ফ্রম হোম’ করার জন্য তিনি দেশবাসীর সামনে যে আবেদন করেছেন, তার মূল মন্ত্র হলো গোটা দেশে সাশ্রয়ের বাতাবরণ তৈরি করা৷ এর সঙ্গে কেন্দ্রীয় প্রকল্পে অর্থ বরাদ্দ কমানোর কোনও সম্পর্ক নেই৷ কোনও কেন্দ্রীয় প্রকল্পে ভর্তুকিও বন্ধ হবে না৷ সরকার কোনও ভাবেই দেশের কোথাও কোনও আর্থিক কড়াকড়ি চালু করছে না— সতীর্থ মন্ত্রীদের সামনে প্রধানমন্ত্রী সে কথাও জানিয়েছেন৷ এক কেন্দ্রীয় আমলার দাবি, ‘প্রধানমন্ত্রী বিচক্ষণতার সঙ্গে খরচ করার জন্য আহ্বান জানিয়েছেন৷ এর মধ্যে আছে আপাতত সোনা না–কেনা, অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণ বন্ধ এবং জ্বালানি সাশ্রয় করা৷’