Keralam Next CM VD Satheesan: ১০ দিনের জল্পনার অবসান, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন | Congress Elects VD Satheesan as Keralam Next Chief Minister after 10 days Meeting
কেরলের নতুন মুখ্যমন্ত্রী ভিডি সতীশন।Image Credit: X
তিরুবনন্তপুরম: জল্পনার অবসান। কেরলমের মুখ্যমন্ত্রী (Keralam CM) কে হচ্ছেন, তাঁর নাম ঘোষণা করল কংগ্রেস (Congress)। ভিডি সতীশন(VD Satheesan)-র নাম ঘোষণা করা হল কেরলমের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে। ১০ দিনের ম্যারাথন বৈঠক ও আলোচনার পর আজ সতীশনের নাম স্থির করা হয়।
এবারের কেরলম বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছে কংগ্রেসের নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্রাটিক ফ্রন্ট। কংগ্রেস থেকেই মুখ্যমন্ত্রী বাছাই করা হবে, তা নিশ্চিত ছিল, কিন্তু কে হবেন, তা নিয়েই যাবতীয় সংশয় ছিল। কর্নাটকের মুখ্যমন্ত্রী নিয়ে কংগ্রেসের অন্দরে যে টানাপোড়েন চলছে বিগত কয়েক বছর ধরে, তার পুনরাবৃত্তি যাতে না হয়, তার জন্য অনেক ভাবনাচিন্তা করেই মুখ্যমন্ত্রী বাছাই করা হল কেরলমে।
কংগ্রেসের হাই কম্যান্ড বেছে নেন ভিডি সতীশনকে। তিনি ছয়বারের বিধায়ক। কেরলমে সবথেকে জনপ্রিয় কংগ্রেস নেতা। তাঁকেই বেছে নেওয়া হয়। এর আগে জল্পনা শোনা যাচ্ছিল প্রবীণ কংগ্রেস নেতা কেসি ভেণুগোপাল বা রমেশ চেন্নিথালা মুখ্যমন্ত্রী হতে পারেন। তবে কংগ্রেসের বিভিন্ন লবির মধ্যে আলোচনার পর সতীশনকে বেছে নেওয়া হয়।
দিল্লিতে কংগ্রেস নেত্রী দীপা দাশমুন্সি ঘোষণা করেন, “তিরুবনন্তপুরমে গত ৭ মে কংগ্রেস বৈঠকে বসে এবং সর্বসম্মতিতে সিদ্ধান্ত নেন যে কংগ্রেস সভাপতি কেরলমের নতুন নেতা নিয়োগ করবেন। ভিডি সতীশনকে সিএলপি-র নেতা হিসাবে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
শোনা যাচ্ছে, কংগ্রেসের পরিষদীয় দল অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির জেনারেল কেসি ভেণুগোপালের নামে সমর্থন জানালেও, সতীশনের বিপুল সমর্থনের কথা মাথায় রেখে তাঁকেই বেছে নেওয়া হয়। বিগত পাঁচ বছর ধরে তিনিই কংগ্রেসের মুখ ছিলেন ওই রাজ্যে। এবারের ১০২ আসন জয়ের পিছনেও তিনিই অন্যতম রূপকার।