জ্বালানির আঁচে উড়ান পথে কাটছাঁট, পরিষেবায় একাধিক পরিবর্তন এয়ার ইন্ডিয়ার - 24 Ghanta Bangla News
Home

জ্বালানির আঁচে উড়ান পথে কাটছাঁট, পরিষেবায় একাধিক পরিবর্তন এয়ার ইন্ডিয়ার

Spread the love

জ্বালানির দাম আকাশছোঁয়া। পশ্চিম এশিয়ার যুদ্ধের কারণে জ্বালানি সাশ্রয়ের সতর্কবাণী প্রধানমন্ত্রীর। এমন আবহে বড় সিদ্ধান্ত নিল এয়ার ইন্ডিয়া। জুন থেকে অগস্ট পর্যন্ত একাধিক আন্তর্জাতিক রুটে উড়ান কমানো এবং কয়েকটি রুটে পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখার কথা ঘোষণা করেছে টাটা গোষ্ঠীর মালিকানাধীন এই বিমান সংস্থা।

এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, পশ্চিম এশিয়ার অস্থির পরিস্থিতির কারণে বহু দেশের আকাশসীমায় বিধিনিষেধ জারি করা হয়েছে। ফলে ইউরোপ ও উত্তর আমেরিকাগামী বিমানের রুট দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে গিয়েছে। এর সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে এভিয়েশন টারবাইন ফুয়েল বা জেট ফুয়েলের দাম। এই দুই কারণ মিলিয়েই আন্তর্জাতিক উড়ান পরিচালনা আর্থিকভাবে কঠিন হয়ে পড়েছে।

সংস্থার দাবি, যাত্রীদের শেষ মুহূর্তের ভোগান্তি কমাতে এবং গোটা নেটওয়ার্ককে স্থিতিশীল রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও পরিষেবা কমানো হলেও প্রতি মাসে ১,২০০-র বেশি আন্তর্জাতিক উড়ান চালু থাকবে বলেও আশ্বাস দিয়েছে এয়ার ইন্ডিয়া।

এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে উত্তর আমেরিকা ও ইউরোপ রুটে। দিল্লি-শিকাগো এবং দিল্লি-সাংহাই উড়ান অগস্ট পর্যন্ত পুরোপুরি বন্ধ রাখা হচ্ছে। পাশাপাশি চেন্নাই-সিঙ্গাপুর, মুম্বই-ঢাকা এবং দিল্লি-মালে রুটেও উড়ান সাময়িকভাবে স্থগিত করা হলো।

শুধু রুট বন্ধই নয়, একাধিক আন্তর্জাতিক উড়ানের সংখ্যাও কমাচ্ছে এয়ার ইন্ডিয়া। দিল্লি-সান ফ্রান্সিসকো পরিষেবা সপ্তাহে ১০টি থেকে কমিয়ে ৭টি করা হচ্ছে। দিল্লি-টরন্টো উড়ানও জুলাই পর্যন্ত সপ্তাহে ১০টির বদলে ৫টিতে চলবে বলে জানিয়েছে উড়ান সংস্থা। একইভাবে দিল্লি-ভ্যাঙ্কুভার পরিষেবাও ৭ থেকে কমে ৫টি করা হবে।

ইউরোপের ক্ষেত্রেও বড় কাটছাঁট করেছে এয়ার ইন্ডিয়া। দিল্লি-প্যারিস রুটে সপ্তাহে ১৪টি উড়ানের বদলে এ বার চলবে সাতটি। পাশাপাশি কোপেনহেগেন, মিলান, ভিয়েনা, জুরিখ ও রোমের উড়ানেও সংখ্যা কমানো হচ্ছে। অস্ট্রেলিয়াগামী পরিষেবাতেও জ্বালানি সাশ্রয়ে চলল কাঁচি। দিল্লি-মেলবোর্ন এবং দিল্লি-সিডনি উড়ান সপ্তাহে ৭টির বদলে ৪টি করা হচ্ছে। এ ছাড়া সিঙ্গাপুর, ব্যাংকক, কুয়ালালামপুর, হ্যানয়, কাঠমান্ডু, ঢাকা ও কলম্বো রুটেও পরিষেবা কমাচ্ছে এয়ার ইন্ডিয়া।

সংস্থার তরফে জানানো হয়েছে, যে সব যাত্রীর উড়ান বাতিল বা সময়সূচি পরিবর্তিত হবে, তাঁদের বিকল্প বুকিং, বিনামূল্যে তারিখ পরিবর্তন অথবা সম্পূর্ণ অর্থ ফেরত পাওয়ার সুবিধা দেওয়া হবে। পাশাপাশি পরিস্থিতি স্বাভাবিক হলে পরিষেবা ফের পূর্ণমাত্রায় চালুর চেষ্টা করা হবে বলেও আশ্বাস এয়ার ইন্ডিয়ার। এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় দাবি ওঠে যে এয়ার ইন্ডিয়া নাকি জুলাই পর্যন্ত সমস্ত আন্তর্জাতিক উড়ান বাতিল করেছে। তবে সংস্থা সেই দাবি সম্পূর্ণ ভুয়ো ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। এয়ার ইন্ডিয়ার স্পষ্ট বক্তব্য, সব আন্তর্জাতিক পরিষেবা বন্ধ করা হয়নি, শুধুমাত্র কিছু রুটে সাময়িক কাটছাঁট করা হয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *