তোলাবাজি ও সালিশি সভায় দাপট! শ্রীঘরে বরাহনগরের তৃণমূল কাউন্সিলার
কলকাতা: তোলাবাজি ও বিবাদে জড়ানোর অভিযোগে গ্রেফতার বরাহনগর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের দাপুটে তৃণমূল কাউন্সিলার শান্তনু মজুমদার ওরফে মেজো। মঙ্গলবার রাতে বালি থানার পুলিশ শান্তনুর পাশাপাশি তাঁর ভাই …
কলকাতা: তোলাবাজি ও বিবাদে জড়ানোর অভিযোগে গ্রেফতার বরাহনগর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের দাপুটে তৃণমূল কাউন্সিলার শান্তনু মজুমদার ওরফে মেজো। মঙ্গলবার রাতে বালি থানার পুলিশ শান্তনুর পাশাপাশি তাঁর ভাই সাগর মজুমদারকেও গ্রেফতার করেছে। (TMC councillor Baranagar extortion arrest case)
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শান্তনুর বিরুদ্ধে এক মহিলার বাড়িতে জোর করে ভাড়াটে ঢুকিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করেই বিবাদের সূত্রপাত। অভিযোগ, বিষয়টি মিটিয়ে নেওয়ার নাম করে একটি সালিশি সভা ডাকা হয়, যেখানে শান্তনু মজুমদার সক্রিয়ভাবে জড়িত ছিলেন। ওই মহিলা শান্তনুর ভয়ে পুলিশের দ্বারস্থ হলে, পুলিশের পরামর্শে তিনি একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে শান্তনু ও তাঁর ভাইকে গ্রেফতার করা হয়।
বিতর্কিত অতীত
শান্তনু মজুমদারের বিরুদ্ধে অশান্তি তৈরির অভিযোগ এই প্রথম নয়। স্থানীয়দের দাবি, নির্বাচনের আগেও তাঁর বিরুদ্ধে এলাকায় গোলমাল পাকানোর একাধিক অভিযোগ উঠেছিল। বিশেষ করে ২০২৪ সালে বরাহনগর বিধানসভা উপনির্বাচনের দিন সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্যকে মারধরের ঘটনায় শান্তনুর নাম জড়িয়েছিল, যা নিয়ে সেই সময় ব্যাপক শোরগোল পড়ে যায়।
পরবর্তী পদক্ষেপ
পুলিশ সূত্রে খবর, বুধবারই ধৃত কাউন্সিলারকে আদালতে পেশ করা হবে। নিজেদের হেফাজতে নিয়ে ঘটনার গভীরে যেতে এবং এই তোলাবাজি চক্রে আর কেউ জড়িত কি না, তা জানতে পুলিশ আদালতে রিমান্ডের আবেদন জানাবে।