চার দিন পরে সবুজ হলো সেনসেক্স ও নিফটি৫০-র গ্রাফ, তবে পয়েন্ট বাড়ল সামান্যই
এ সপ্তাহের প্রথম দুই ট্রেডিং সেশনে পতনের ধাক্কা সামাল দিয়ে কিছুটা হলেও ঘুরে দাঁড়াল দেশের শেয়ার বাজার। শেষ ট্রেডিংয়ের থেকে লোয়ার পয়েন্টে স্টার্ট করেও পজ়িটিভে ফিরেছে দুই বেঞ্চমার্ক ইনডেক্স। তবে এ দিনের ট্রেডিং সেশনে সকাল থেকেই অস্থিরতা বজায় ছিল। বৃদ্ধির অঙ্ক কম হলেও বাজার বন্ধের সময় পজ়িটিভেই রয়েছে সেনসেক্স ও নিফটি৫০। এর জেরে টানা চার সেশনে পতনের পরে সবুজ হলো এই দুই সূচকের গ্রাফ।
বুধবারের ট্রেডিং সেশনে সেনসেক্স বেড়েছে ৫০ পয়েন্ট বা ০.০৭ শতাংশ। এই বৃদ্ধির পরে সেনসেক্স রয়েছে ৭৪,৬০৯ পয়েন্টে। অন্য দিকে নিফটি৫০ বেড়েছে ০.১৪ শতাংশ বা ৩৩ পয়েন্ট এবং তা রয়েছে ২৩,৪১২ পয়েন্টে। দুই বেঞ্চমার্ক ইনডেক্সের তুলনায় মিড ক্যাপ ও স্মল ক্যাপ ইনডেক্সগুলির বৃদ্ধি বেশি হয়েছে। বিএসই ১৫০ মিড ক্যাপ ইনডেক্স বেড়েছে ০.৭১ শতাংশ এবং বিএসই ২৫০ স্মল ক্যাপ ইনডেক্স বেড়েছে ০.২৭ শতাংশ।
তবে সেক্টরাল ইনডেক্সগুলির মধ্যে মিক্সড পারফরম্যান্স দেখা গিয়েছে বুধবারের ট্রেডিং সেশনে। নিফটি-তে আইটি, অটো, রিয়েলটি, ব্যাঙ্ক, ফিনাশিয়াল সার্ভিসের মতো সেক্টরাল ইনডেক্সের পতন হয়েছে। কিন্তু মেটাল, ইন্ডিয়া ডিফেন্স, অয়েল অ্যান্ড গ্যাস, কমোডিটিজ়, ট্যুরিজ়ম, ইনফ্রাস্ট্রাকচার, এনার্জি, ক্যাপিটাল মার্কেটেরর মতো সেক্টরাল ইনডেক্সের পয়েন্ট বেড়েছে।
সেনসেক্স লিস্টেড স্টকগুলির মধ্যে এশিয়ান পেইন্টস, টাটা স্টিল, আদানি পোর্টস, ভারত ইলেক্ট্রনিক্স, ভারতী এয়ারটেল এবং লারসেন অ্যান্ড টুব্রোর শেয়ার দর বেড়েছে সবচেয়ে বেশি। ২ থেকে ৪ শতাংশের মধ্যে বৃদ্ধি হয়েছে এই সব স্টকের। অন্য দিকে ইনফোসিস, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, সান ফার্মা, টেক মাহিন্দ্রা, টিসিএস এবং পাওয়ার গ্রিডের শেয়ারের দাম সবচেয়ে বেশি কমেছে।
(এই সময় অনলাইন কোথাও বিনিয়োগের জন্য পরামর্শ দেয় না। শেয়ার বাজার বা যে কোনও ক্ষেত্রে লগ্নি ও বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষ। তার আগে ঠিকমতো পড়াশোনা এবং বিশেষজ্ঞের পরামর্শ বাঞ্ছনীয়। এই খবরটি শিক্ষা সংক্রান্ত এবং সচেতন করার জন্য প্রকাশিত।)