শিবের আরাধনায় মেতে উঠলেন তামান্না ভাটিয়া, জীবনে নতুন কিছু ঘটছে? | Tamannaah Bhatia Visits Mahakaleshwar Temple In Ujjain - 24 Ghanta Bangla News
Home

শিবের আরাধনায় মেতে উঠলেন তামান্না ভাটিয়া, জীবনে নতুন কিছু ঘটছে? | Tamannaah Bhatia Visits Mahakaleshwar Temple In Ujjain

Spread the love

পর্দার লাস্যময়ী রূপ ঝেড়ে ফেলে এবার আধ্যাত্মিকতায় ডুব দিলেন তামান্না ভাটিয়া। মঙ্গলবার ভোরে উজ্জয়িনীর পুণ্যভূমি মহাকালেশ্বর মন্দিরে মহাদেবের চরণে নিজেকে সঁপে দিলেন ‘আজ কি রাত’ খ্যাত এই অভিনেত্রী। পরনে সাধারণ লাল শাড়ি, কপালে তিলক আর খোঁপায় গোঁজা ফুল—একেবারে সাবেকি সাজে মন্দিরের চাতালে বসে শিবের আরাধনা করতে দেখা গেল তাঁকে।

বলিউড থেকে দক্ষিণী সিনেমা—তামান্নার ব্যস্ততা এখন আকাশচুম্বী। তবে শত কাজের মাঝেও মহাদেবের ‘ডাক’ উপেক্ষা করতে পারেননি তিনি। ১২ মে মঙ্গলবার সকালে মন্দিরের বিখ্যাত ‘ভস্ম আরতি’ চাক্ষুষ করার সুযোগ পান অভিনেত্রী। আরতি শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আবেগঘন তামান্না বলেন, “মহাকালেশ্বরের আশীর্বাদ না থাকলে এখানে আসা অসম্ভব। আজ ভস্ম আরতি দেখে আমি অভিভূত। সকলের সঙ্গে বসে সেই ইতিবাচক শক্তির অনুভব আমার মনকে পুনরুজ্জীবিত করে তুলেছে।”

সাম্প্রতিক সময়ে অভিনেতা বিজয় বর্মার সঙ্গে বিচ্ছেদ গুঞ্জন কিংবা প্রবীণ অভিনেতা অন্নু কাপুরের বিতর্কিত মন্তব্য নিয়ে বারবার খবরের শিরোনামে এসেছেন তামান্না। তবে সেই সব বির্তককে পিছনে ফেলে তাঁর এই ভক্তিভাব নজর কেড়েছে নেটিজেনদের। এটিই প্রথম নয়, চলতি বছর মহাশিবরাত্রিতে সদগুরুর ইশা যোগা সেন্টারে তামান্নার শিব-বন্দনা এবং অভিনেত্রী শ্রীনিধি শেঠির সঙ্গে তাঁর নাচের ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।

এদিন ভিড়ের মধ্যে আর পাঁচজন সাধারণ ভক্তের মতোই মন্দিরের মেঝেতে বসে ধ্যান করতে দেখা যায় তামান্নাকে। গ্ল্যামার জগতের হাতছানি থেকে দূরে তাঁর এই শান্ত ও সমাহিত রূপের প্রশংসা করছেন ভক্তরা। তাঁর মতে, মন্দির প্রাঙ্গণে বসে চারপাশের আধ্যাত্মিক পরিবেশ অনুভব করাটাই জীবনের অন্যতম সেরা প্রাপ্তি।

আপাতত মহাদেবের আশীর্বাদ পাথেয় করে ফের নিজের কাজের জগতে ফিরছেন দক্ষিণী এই সুন্দরী। গ্ল্যামার আর ভক্তির এই মিশেলই যেন তামান্নাকে তাঁর অনুরাগীদের কাছে আরও অনন্য করে তুলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *