প্লে-অফের লড়াইয়ে দিল্লির সামনে কঠিন পরীক্ষা, জয় চাই পঞ্জাবেরও
টানা হার কাটিয়ে জয়ে ফিরতে মরিয়া পঞ্জাব কিংস, অন্যদিকে প্লে-অফের আশা বাঁচাতে আজ ডু অর ডাই ম্যাচ দিল্লির।
Kolkata, May 11: সোমবার (১১ মে) শৈলশহর ধর্মশালায় আইপিএল ২০২৬-এর ৫৫তম ম্যাচ – পঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস। টানা তিন ম্যাচে হেরে জয়ের আবহে ফিরতে আজ মরিয়া পঞ্জাব শিবির। অন্যদিকে ‘ডু অর ডাই’ পরিস্থিতিতে খেলতে নামছে দিল্লি। হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে সন্ধ্যে ৭:৩০ মিনিটে।
চলতি মরসুমে দীর্ঘ সময় টেবিল শীর্ষে বসে ছিল পঞ্জাব কিংস। কেউ তাদের বশ করতে পারছিল না। কিন্তু হঠাৎই ছন্দ পতন। টানা তিন ম্যাচে হেরে তারা প্রথম স্থান খুইয়ে নেমে এসেছে চতুর্থ স্থানে। সামনেই প্লে-অফ। তার আগে জয়ের ধারায় ফিরতে উদগ্রীব শ্রেয়স আয়ারবাহিনী। এমতাবস্থায় কুপার কনোলি, প্রিয়াংশ আর্য, প্রভসিমরন, অধিনায়ক শ্রেয়স ব্যাটিংয়ে দলের বড় ভরসা। এছাড়া বোলিংও শক্তিশালী। তাই দিল্লির বিরুদ্ধে আজ সবটা উজার করে খেলবে পঞ্জাব।
অন্যদিকে কঠিন পরিস্থিতিতে দিল্লি শিবির। ১১ ম্যাচ খেলে ৮ পয়েন্টে অষ্টম স্থানে অক্ষর প্যাটেলের দল। শেষ ম্যাচে কলকাতার বিরুদ্ধে বাজেভাবে হেরে বেশ চাপে দিল্লি। পঞ্জাবের বিপক্ষে আজ হারলে প্লে-অফের রাস্তা প্রায় বন্ধ। তাই আজ আগে পিছে কিছু না ভেবে দলকে জেতাতে উদগ্রীব খেলোয়াড়রা। কে এল রাহুল, পাথুম নিশাঙ্কা, নীতীশ রানা, সমীর রিজভী, ট্রিস্টান স্টাবসকে আজ আগ্রাসী মেজাজে খেলতেই হবে।
পরিসংখ্যান অনুযায়ী, আইপিএল ইতিহাসে এই দুই দল মোট ৩৬বার একে অপরকে মোকাবেলা করেছে এবং তাদের মুখোমুখি রেকর্ডটি বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। পঞ্জাব কিংস ১৮টি ম্যাচ জিতেছে, দিল্লি ক্যাপিটালস জিতেছে ১৭টি। এছাড়া একটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। মুখোমুখি সংঘর্ষে কোনো দল এককভাবে এগিয়ে নয়। তাই আজ একটি হাড্ডাহাড্ডি লড়াই আশা করা যায়।
আবহাওয়ার পূর্বাভাস অনুসারে, সোমবার সন্ধ্যায় ধর্মশালার আকাশ মেঘলা থাকবে। পূর্বাভাসে ২০ শতাংশ বর্ষণসহ হালকা বৃষ্টির কথা বলা হয়েছে। এছাড়া তাপমাত্রা থাকবে প্রায় ১৪° সেলসিয়াস এবং গড় আর্দ্রতা থাকতে পারে ৮৬ শতাংশ।
ধর্মশালার এই উইকেটটি ফাস্ট বোলারদের জন্য বেশ সহায়ক। ঐতিহ্যগতভাবে, এই উইকেটে খেলার শুরুতে ভালো ক্যারিসহ সিম মুভমেন্ট দেখা যায়। আশা করা হচ্ছে, পুরো খেলা জুড়েই এই পরিস্থিতি একই রকম থাকবে। প্রথম ইনিংসে বোলিং পরিস্থিতি ভালো থাকবে। আশা করা হচ্ছে, দ্বিতীয় ইনিংসে পিচ স্থিতিশীল হয়ে আরও ভালো হয়ে উঠবে। সেকারণে টসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে।
পঞ্জাব কিংস সম্ভাব্য একাদশ:
প্রভসিমরন সিং (উইকেটরক্ষক), কুপার কনোলি, শ্রেয়স আয়ার (অধিনায়ক), শশাঙ্ক সিং, সূর্যাশ শেজ, মার্কাস স্টয়নিস, মার্কো জানসেন, লকি ফার্গুসন, বিজয়কুমার ভিশক, অর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহাল।
ইমপ্যাক্ট প্লেয়ার: প্রিয়াংশ আর্য।
দিল্লি ক্যাপিটালস সম্ভাব্য একাদশ:
পাথুম নিশাঙ্কা, কেএল রাহুল (উইকেটরক্ষক), নীতীশ রানা, সমীর রিজভি, ট্রিস্টান স্টাবস, অক্ষর প্যাটেল (অধিনায়ক), আশুতোষ শর্মা, বিপ্রজ নিগম, মিচেল স্টার্ক, লুঙ্গি এনগিডি, মুকেশ কুমার।
ইমপ্যাক্ট প্লেয়ার: কুলদীপ যাদব।