Chinese infiltration into India: নেপাল থেকে ভারতে বাড়ছে চিনা অনুপ্রবেশ! এবার কলকাতা থেকে দেওয়া হল কড়া বার্তা – Bengali News | Chinese Infiltration Into India Via Nepal Border Rising, Strong Warning Issued
কলকাতা: অনুপ্রবেশ নিয়ে মাথাব্যথা কমছে না ভারতের। বাংলাদেশিদের অনুপ্রবেশ তো ছিলই। এখন নেপালের দিক থেকে বাড়ছে অনুপ্রবেশ। ঢুকে আসছে চিনা নাগরিকরা। প্রশ্নের মুখে পড়ছে জাতীয় নিরাপত্তা। এই অনুপ্রবেশ নিয়ে এবার কলকাতায় অবস্থিত চিনের কনস্যুলেট জেনারেলের তরফে সতর্কবার্তা দেওয়া হল।
সম্প্রতিই এক চিনা নাগরিককে ধরে সশস্ত্র সীমা বল বাহিনী। ওই চিনা নাগরিক নাকি ভুলবশত নেপাল থেকে ভারতে ঢুকে পড়েছিলেন। পশ্চিমবঙ্গের অনুপ্রবেশ করতে গিয়েও সম্প্রতি দুইজন চিনা নাগরিক ধরা পড়েছে। ওই দুজনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ উঠেছে। বারংবার এই ঘটনার পরই সতর্ক করা হল চিনা কনস্যুলেটের তরফে।
কলকাতায় চিনের কনস্যুলেট জেনারেল সতর্ক করে বলেছেন যে নেপালের সীমান্ত দিয়ে যেন এভাবে অনুপ্রবেশ না করা হয়। চিনা নাগরিকদের সতর্ক করা হয়েছে। প্রয়োজনে চিন এবং ভারতের তরফে এসএসবি যৌথভাবে এই অনুপ্রবেশ রুখবে। রবিবার এই নিয়ে একপ্রস্থ বৈঠকও হয়। সেখানে গত দুই থেকে আড়াই মাসের মধ্যে একাধিক অনুপ্রবেশের চেষ্টা বা অনুপ্রবেশ করায় গ্রেফতারের ঘটনা তুলে ধরা হয়েছে বলেই জানা গিয়েছে।
প্রসঙ্গ, পাঁচদিন আগেই এক চিনা নাগরিককে নেপাল হয়ে ভারতে অনুপ্রবেশ করতে গিয়ে হাতেনাতে ধরে সীমান্তরক্ষী বাহিনী। ধৃতের নাম ঝোউ হুয়ান (৪১)। ওই ব্যক্তি চিনের হুনান প্রদেশের বাসিন্দা। নেপালের বিরাটনগর থেকে নেপালি নম্বর প্লেটযুক্ত একটি বাইকে করে জোগবানি চেকপয়েন্টে পৌঁছান। তাঁর গতিবিধিতে সন্দেহ হলে আটক করা হয় এবং পাসপোর্ট দেখতে চাওয়া হয়। তখন তিনি কোনও নথি দেখাতে পারেননি। তদন্তে জানা যায়, পাসপোর্ট বা অন্য কোনও বৈধ নথি ছিল না ওই চিনা নাগরিকের কাছে। তিনি নেপালেই বা কী করে ঢুকেছিলেন, কতদিন সেখানে ছিলেন, তা তদন্ত করে দেখা হচ্ছে।