PM Narendra Modi: ‘এক বছর সোনা কিনবেন না’, যুদ্ধের আবহে পেট্রোল-ডিজেল নিয়েও বড় বার্তা মোদীর – Bengali News | PM Narendra Modi Says Do Not Buy Gold For One Year Petrol Diesel Saving Amid Global War
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীImage Credit: TV9 Bangla
হায়দরাবাদ: কয়েকমাস ধরে যুদ্ধের আঁচে উত্তপ্ত মধ্যপ্রাচ্য। আমেরিকা ও ইজরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের ফলে পেট্রোল ও ডিজেল সরবরাহ ব্যাহত হচ্ছে। এর প্রভাব পড়েছে ভারতেও। এই যুদ্ধের আবহেই দেশবাসীকে বড় বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার তেলঙ্গানার হায়দরাবাদে এক জনসভা থেকে দেশবাসীকে এক বছর সোনার গয়না না কেনার আহ্বান জানালেন। একইসঙ্গে পেট্রোল, ডিজেল বাঁচাতে গণপরিবহণ বেশি করে ব্যবহারের অনুরোধ জানালেন।
কী বললেন প্রধানমন্ত্রী মোদী?
এদিন হায়দরাবাদের জনসভা থেকে দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “একটা সময় ছিল, সংকট কিংবা যুদ্ধের সময় দেশের জন্য মানুষ সোনা দান করতেন। আজ দানের প্রয়োজন নেই। কিন্তু, দেশের স্বার্থে আমাদের ঠিক করতে হবে, এক বছর ঘরে যেকোনও অনুষ্ঠান হোক না কেন, আমরা সোনা কিনব না। বিদেশি মুদ্রা বাঁচাতে আমাদের দেশভক্তি আমাদের এই আহ্বান জানাচ্ছে। আর তা আমাদের স্বীকার করতে হবে।”
মেট্রো, গণপরিবহণ ব্যবহারের বার্তা প্রধানমন্ত্রীর-
যুদ্ধ সংকটের কথা উল্লেখ করে জনগণকে পেট্রোল ও ডিজেল বিচক্ষণতার সঙ্গে ব্যবহার করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, যুদ্ধের কারণে পেট্রোল ও সারের দাম বেড়েছে। এই পরিস্থিতিতে যাতাযাতের ক্ষেত্রে মেট্রো ও গণপরিবহণ বেশি ব্যবহার করার আবেদন জানান মোদী। শুধু প্রয়োজনেই পেট্রোল, ডিজেল ব্যবহারের বার্তা দেন তিনি। তিনি বলেন, “দেশের কল্যাণের জন্য জ্বালানি সংরক্ষণ অপরিহার্য। বিচক্ষণতার সঙ্গে জ্বালানি ব্যবহার করলে দেশের ওপর অর্থনৈতিক চাপ কমানো সম্ভব।” প্রধানমন্ত্রী মোদী বলেন, কেন্দ্রীয় সরকার জনগণকে দুর্ভোগ থেকে রক্ষা করার চেষ্টা করছে।
বাড়ি থেকে কাজের অভ্যাস গড়ে তোলার বার্তা প্রধানমন্ত্রীর-
কোভিড-১৯’র সময় বাড়ি থেকে কাজ গুরুত্ব পেয়েছিল। মধ্যপ্রাচ্যে এই যুদ্ধের আবহে কোভিডের সময়ের মতো বাড়ি থেকে কাজের অভ্যাস গড়ে তোলার বার্তা দিলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বাড়ি থেকে কাজ করার অভ্যাস গড়ে তুলুন। কোভিড-১৯ মহামারীর সময় আমরা বাড়ি থেকে কাজ, অনলাইন মিটিং এবং ভিডিয়ো কনফারেন্সের মতো অনেক ব্যবস্থা তৈরি করেছিলাম এবং সেগুলোতে অভ্যস্ত হয়ে পড়েছিলাম। আজকের সময়ের চাহিদা এমন যে, এই ব্যবস্থাগুলো পুনরায় চালু করা জাতীয় স্বার্থেই হবে। আমাদের অবশ্যই বাড়ি থেকে কাজ, অনলাইন কনফারেন্স এবং ভার্চুয়াল মিটিংকে আবার অগ্রাধিকার দিতে হবে। বন্ধুরা, আজকের এই সংকটে আমাদের বৈদেশিক মুদ্রা সঞ্চয়ের উপরও জোর দিতে হবে। কারণ বিশ্বব্যাপী পেট্রোল এবং ডিজেলের দাম অনেক বেড়ে গিয়েছে।”