শুভেন্দুর আপ্ত সহায়ককে খুনের প্রতিবাদে অবরোধ
শালবনির ভাদুতলা এলাকায় বিক্ষোভের সময়ে খড়গপুর-রানিগঞ্জ জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করেন বিজেপির কর্মী-সমর্থকেরা। ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি তোলেন তাঁরা। এর জেরে কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের বুধিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় বিজেপি কর্মী অপূর্ব বসু বলেন, ‘নির্বাচনে তৃণমূল শোচনীয় ভাবে পরাজয়ের পর ভাড়াটে খুনি দিয়ে এই ঘটনা ঘটিয়েছে। অবিলম্বে দোষীদের চিহ্নিত করে গ্রেপ্তার এবং কঠোর শাস্তি দিতে হবে। নাহলে আমরা আরও বৃহত্তর আন্দোলনে নামব।’ মেদিনীপুর শহর, কেশপুর, গড়বেতা, ডেবরা, খড়গপুর গ্রামীণ এবং নারায়ণগড়ের বিভিন্ন এলাকাতেও প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় বিজেপির তরফে। কোথাও দলীয় পতাকা হাতে মিছিল, কোথাও আবার পথসভা করে ঘটনার তীব্র নিন্দা জানানো হয়।