খুনের রাতেই চন্দ্রনাথকে মেসেজ অভিনেত্রী মাফিনের - Bengali News | Actress Mafin reveals her last conversation with Suvendu Adhikari’s Personal Assistent Chandranath Rath - 24 Ghanta Bangla News
Home

খুনের রাতেই চন্দ্রনাথকে মেসেজ অভিনেত্রী মাফিনের – Bengali News | Actress Mafin reveals her last conversation with Suvendu Adhikari’s Personal Assistent Chandranath Rath

Spread the love

চন্দ্রনাথ রথ ও মাফিন চক্রবর্তী।

রাজ্যের রাজনৈতিক পালাবদলের টানটান উত্তেজনার মধ্যেই ফের একবার রক্তক্ষয়ী হিংসার সাক্ষী থাকল বাংলা। বুধবার রাতে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের দোহাড়িয়া এলাকায় দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারালেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ।

চন্দ্রনাথের অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে তাঁর পরিবার এবং রাজনৈতিক মহলে। এই ঘটনায় স্বভাবতই মর্মাহত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নিজের ঘনিষ্ঠ সহকর্মীকে হারিয়ে স্তব্ধ বিজেপির অন্দরমহলও। তবে এই শোকের আঁচ গিয়ে পড়েছে টলিউডেও। ঘটনার রাতেই চন্দ্রনাথকে মেসেজ করেছিলেন টলিউডের জনপ্রিয় মুখ মাফিন। হঠাৎ করে এমনটা হবে, তা ভাবতেই পারছেন না তিনি। সোশাল মিডিয়া এক ভিডিয়ো পোস্ট করে সবটা জানালেন অভিনেত্রী।

কী বললেন মাফিন?

সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেছেন মাফিন। সেই ভিডিয়োতেই মাফিন জানান, ”রাত ২ টো বাজে। চোখে ঘুম নেই। ঘুম থাকার কথাও নয়। কারণ, চোখের সামনে এমন একটা মানুষকে নিয়ে খবর চলছে, যে মানুষটার সঙ্গে আমি শেষ দেড়মাস প্রতিনিয়ত যোগাযোগে ছিলাম। আমার মনে আছে, যখন নিজাম প্যালেসে গিয়ে আমি ওকে দেখি। প্রথম দেখাতেই ভালো লেগেছিল। এত ভালো দেখতে একটি মানুষ, দারুণ ভদ্র। তিনি আমাকে কর্মসূচী দিতেন। আমাকে বলেছিলেন এবার থেকে তোমাকে নন্দীগ্রাম, চণ্ডীপুর এলাকায় থাকতে হবে। কটা গাড়ি লাগবে, হোটেলে কারা থাকবে তোমার সঙ্গে। সব বুঝিয়ে দিতেন। এরপর প্রতিনিয়তই আমি কাজের সূত্রে যোগাযোগ রাখতাম।”

এই ভিডিয়োতেই মাফিন আরও বলেন, ”আমার বার বার ওর মায়ের কথা মনে পড়ছে। আমি যখন চন্দ্রদার নিজস্ব বুথে গিয়ে, সভা করেছিলাম, উনি আমাকে খাইয়ে ছিলেন। আমি আজকে বার বার ওর ছবি দেখছিলাম।” মাফিনের কথায়, ”আমি একটা মেসেজ পাঠিয়েছিলাম। তখন কী আর জানতাম, ওই সময়েই উনি খুন হচ্ছেন! বার বার কেঁপে উঠছি এটা ভেবে, খুব খারাপ হল এটা। ভাবতেই পারছি না।”

কে এই মাফিন?

পুরো নাম মাফিন চক্রবর্তী। থাকেন বেলঘড়িয়াতে। টলিউডের বেশ পরিচিত মুখ। তবে বেশ কিছুদিন ধরে বিজেপির অন্দরে দেখা গেলেও, সেভাবে টলিউডের পর্দায় দেখা যায়নি তাঁকে। ২০২৩ সালে ওটিটিতে মুক্তি প্রাপ্ত পেত্নী ছবিতে অভিনয় করেছিলেন মাফিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *