All India Bank Strike: দেশজুড়ে ২ দিনের স্ট্রাইক ডাকল SBI, আটকে যেতে পারে আপনার লেনদেন – Bengali News | SBI Strike Alert: 2 Day Nationwide Shutdown Could Impact Your Transactions
নয়া দিল্লি: দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক। স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া(State Bank of India)-র কর্মীরা দেশজুড়ে দুই দিনের ধর্মঘটের (Bank Strike) ডাক দিলেন। এর জেরে ব্যাঙ্কিং পরিষেবায় প্রভাব পড়তে পারে। লক্ষ লক্ষ গ্রাহক সমস্যায় পড়তে পারেন। কেন এই ধর্মঘট? কী দাবি স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার কর্মীদের?
কবে ধর্মঘট?
স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার কর্মীরা পেনশনের সুবিধা, নতুন নিয়োগ, কাজের পরিবেশ সহ ১৬টি দাবিতে দুই দিনের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে। আগামী ২৫ ও ২৬ মে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এর জেরে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার লক্ষ লক্ষ গ্রাহকরা প্রভাবিত হতে পারেন। সার্বিক ব্যাঙ্কিং পরিষেবায় প্রভাব পড়বে।
কী দাবি SBI কর্মীদের?
রিপোর্ট অনুযায়ী, এসবিআই কর্মীদের অন্যতম দাবি হল. ন্যাশনাল পেনশন সিস্টেমের অধীনে কর্মীদের আনা। পেনশন সংক্রান্ত বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়েও স্বচ্ছতার দাবি করেছেন তারা। এছাড়া কর্মী সঙ্কট, ব্রাঞ্চে কর্মী সংখ্যা বাড়ানো, পদোন্নতির সমান সুযোগ, কাজের চাপ কমানো, কর্মীদের অধিকার রক্ষা, ট্রান্সফার পলিসিতে স্বচ্ছতা আনা, কাজের পরিবেশ উন্নত করার দাবি জানিয়েছেন।
ব্যাঙ্কিং পরিষেবাতে কী প্রভাব পড়বে?
এসবিআই-র ব্রাঞ্চে গিয়ে যে কাজগুলি করতে হয়, অর্থাৎ ক্যাশ ডিপোজিট, ক্যাশ উইথড্রল, চেক ক্লিয়ারেন্স, লোন প্রসেসিং, অ্যাকাউন্টে ওপেনিং, কাস্টমার সাপোর্টের মতো পরিষেবা প্রভাবিত হবে। তবে ডিজিটাল পরিষেবা চালু থাকবে। তবে প্রযুক্তিগত সমস্যা হতে পারে।