Magrahat Election: ভোটে ছিল, পুনর্ভোটে নেই, ফিরে গেল মগরাহাটে হাজারের বেশি ভোটার – Bengali News | Repoll going on at Magrahat but migrant workers are not present
ফিরে যাচ্ছেন পরিযায়ী শ্রমিকরাImage Credit: TV9 Bangla
মগরাহাট: দুই দফা ভোটের পর এবার রাজ্যে চলছে পুনর্নির্বাচন। শনিবার ডায়মন্ড হারবার ও মগরাহাট পশ্চিমের ১৫টি বুথে রিপোল হচ্ছে। কিন্তু দ্বিতীয় দফার ভোটের দিন ওই সব বুথে যত ভোট পড়েছিল, তত ভোট কি এবার পড়বে? উঠছে প্রশ্ন। শুধু মগরাহাট নয়, গোটা বাংলাতেই এবার দুই দফায় রেকর্ড হারে ভোট পড়েছে। ৯০ শতাংশের বেশি ভোট পড়েছে বেশিরভাগ জায়গায়। তাহলে এবার এমন আশঙ্কা কেন?
মগরাহাটে কমতে পারে ভোটের হার
স্থানীয় বাসিন্দারা বলছেন, ভোট দিতে ছুটি নিয়ে অনেকেই ফিরেছিলেন বাড়িতে। ভোট মিটতেই ছুটি শেষ। কাজে ফিরে যাচ্ছেন তাঁরা। ২১৪, ২১৫, ২১৬ নম্বর বুথে হাজারের বেশি পরিযায়ী শ্রমিকের বাস বলে জানা যায়। ভিনরাজ্য থেকে তো ফেরা সম্ভবই নয়। অনেকে কলকাতায় থাকেন, তাঁদেরও ফেরা সম্ভব নয় বলেই জানাচ্ছেন প্রতিবেশীরা।
বিজেপির চিহ্নে সেলোটেপ মারা ছিল বলে অভিযোগ ওঠে। সেই কারণেই রিপোল হচ্ছে। প্রত্যেকেই বলছেন, ভোটের হার কমে যেতে পারে। ফলে ফলাফলেও কি প্রভাব পড়তে পারে?
কোথায় চলছে ভোট
ডায়মন্ড হারবারের ১১৭, ১৭৯, ১৯৪, ২৪৩ বুথে রিপোল হবে বলে জানা যাচ্ছে। অন্যদিকে মগরাহাট পশ্চিমে ৪৬, ১২৬, ১২৭, ১২৮, ১৪২, ২১৪, ২১৫, ২১৬, ২৩০, ২৩১, ২৩২ নম্বর বুথে পুনর্নিবাচন হতে চলেছে। এদিকে ফলতা নিয়েও চাপানউতোর চলছে। সবদিক খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবে কমিশন।