Narendra Modi: মোদী ম্যাজিকের অপেক্ষায় আরামবাগ, দু’দিনের সফরে আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী – Bengali News | Prime Minister Narendra Modi to visit West Bengal arambag krishnanagar on March 1 and 2
আজ বাংলায় নরেন্দ্র মোদী। Image Credit source: PTI
কলকাতা: শুক্রবার দু’দিনের বঙ্গ সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হুগলির আরামবাগ সফর দিয়েই বাংলায় লোকসভা ভোটের প্রচার শুরু করছেন তিনি। ২০১৯ সালে খুবই অল্প ভোটে আরামবাগ লোকসভা কেন্দ্রটি হারাতে হয়েছিল বিজেপিকে। সেই কেন্দ্র থেকেই বিজেপির ‘হেভিওয়েট’ প্রচার শুরু হচ্ছে ২০২৪-এর আগে। বিজেপির রাজ্য সভাপতির কথায়, “তৈরি থাকুন। ঐতিহাসিক দৃশ্য দেখতে পাবেন। অভূতপূর্ব দৃশ্য দেখবেন আরামবাগে।”
২০১৯ সালে লোকসভায় ভালই চমক দিয়েছিল বিজেপি। ১৮টি আসনে জয়, কয়েকটিতে লড়াই হয়েছে কাঁটায় কাঁটায়। যেমন আরামবাগ লোকসভা আসনে তৃণমূল ও বিজেপির মধ্যে ভোটের ব্যবধান ছিল মাত্র ১ হাজার ১০০। এরপর ২০২১ সালে আরামবাগের ৭টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৪টি জেতে বিজেপি। বিজেপির অভ্যন্তরীণ রিপোর্ট বলছে, ২০২৪-এ আরামবাগে তাদেরই পাল্লা ভারী।
সুকান্ত মজুমদার বৃহস্পতিবার রাতেই বলেন, “আগের বার অল্পের জন্য আরামবাগ ফস্কে গিয়েছে। এবার লক্ষাধিক ভোটে জিতে এই কেন্দ্র উপহার দেব নরেন্দ্র মোদীকে। শুক্রবার আপনারা দেখবেন ম্যাজিক কাকে বলে। এর নাম মোদী ম্যাজিক।”
এই খবরটিও পড়ুন
আরামবাগ থেকেই বাংলায় লোকসভা ভোটের মূল পর্বের প্রচার শুরু করতে চলেছেন নরেন্দ্র মোদী। ২০২২ সালের ৩০ ডিসেম্বর বঙ্গ সফরে এসেছিলেন মোদী। সেটি ছিল পুরোপুরি সরকারি কর্মসূচি। এবার সরকারি অনুষ্ঠানের সঙ্গে ভোটপ্রচারও। লক্ষাধিক মানুষের সমাগম হবে এই সভা ঘিরে, আত্মবিশ্বাসী বিজেপি।
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “প্রধানমন্ত্রী আসছেন। উনি রাত্রিবাসও করবেন। ১ এবং ২ তারিখ এখানে সভা তাঁর। ১ তারিখ আরামবাগে সভা করবেন। দুপুর ৩টে থেকে সেই সভার সময় দেওয়া আছে। পরদিন সকালে নদিয়ার কৃষ্ণনগরে সভা আছে প্রধানমন্ত্রীর। আমার কাছে যা খবর উনি আবার ৫ তারিখে আসবেন। কলকাতায় রাত্রিবাস করতে পারেন। ৬ তারিখ বারাসতে সভা।”