স্ট্রংরুমে EVM কারচুপির বিস্ফোরক অভিযোগ, কী জানাল নির্বাচন কমিশন?
রাজ্য সিইও অফিসের তরফে ফেসবুক লাইভ করে গোটা অভিযোগকে নস্য়াৎ করেছে। সব কিছু নিয়ম মেনেই করা হয়েছে বলে জানিয়েছে সিইও অফিস। সিইও মনোজ আগরওয়াল জানিয়েছেন, দলের প্রার্থীরা এসে দেখে গিয়েছেন যে স্ট্রংরুম নিরাপদ রয়েছে। সব খবর দেওয়ার পরেও সময়ের মধ্যে কেউ এসে না পৌঁছলে, নিয়ম মেনে কাজ তো হবেই, জানালেন মনোজ আগরওয়াল।
স্ট্রংরুমে ক্যামেরা লাগানো হয়েছে। তার ফিড বাইরে যাচ্ছে। সেই ফিড লাইভ চলছিল বাইরে। কোনও গন্ডগোলের জায়গাই নেই বলে জানিয়েছে রাজ্যের সিইও অফিস। তৃণমূলের অভিযোগ ছিল, সাড়ে তিনটা থেকে ৪টার মধ্যে সিসিটিভিতে মুভমেন্ট দেখা গিয়েছে। রাজ্যের সিইও মনোজ আগরওয়াল বললেন, ‘৪টে থেকে কাজ শুরুর কথা ছিল। তার আগে থেকেই তো মুভমেন্ট হবে। কাজ শুরুর আগে মুভমেন্ট তো হবেই। সিসিটিভি ছিল বলেই তো দেখতে পেল। লুকোনোর তো কোনও বিষয় নেই।’
তৃণমূলের তরফে ভিডিয়ো পোস্ট করে অভিযোগ করা হয়েছিল, স্ট্রংরুমে ভিতরে বহিরাগতরা ঢুকেছে। ইভিএম-এর কারচুপির আশঙ্কা করে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে পৌঁছে যান শশী পাঁজা-সহ উত্তর কলকাতায় একাধিক বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীরা।