MI vs SRH : রিকলটনের সেঞ্চুরি বৃথা, মুম্বইকে হারিয়ে প্লে অফের দৌড়ে হায়দরাবাদ! – Bengali News | Sunrisers Hyderabad Chase Down 243 to Leave Mumbai Indians’ Playoff Hopes in Tatters
Hardik Pandya’s Side Faces Uphill Battle After Crushing Loss to SRHImage Credit: PTI
কলকাতা : হয়েছেটা কী মুম্বইয়ের (Mumbai Indians)? টানা হারে বিপর্যস্ত ৫ বারের চ্যাম্পিয়নরা। ২৪৩ রান তুলেও হায়দরাবাদের (Sunrisers Hyderabad) কাছে হারতে হল ৬ উইকেটে। রায়ান রিকলটনের (Ryan Rickelton) দুরন্ত ১২৩-ও কোনও কাজে এল না মুম্বইয়ের। ৮ বল বাকি থাকতেই এই রান তুলে দিল হায়দরাবাদ। এই হারের ফলে মুম্বই এখন লিগ টেবিলের ৯ নম্বরে। এখান থেকে প্লে-অফের (IPL Play off) আশা করা উচিত নয় সমর্থকদের।
বুধবার ওয়াংখেড়েতে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন মুম্বই অধিনায়ক হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। শুরু থেকেই বিধ্বংসী খেলা শুরু করেছিল পল্টনরা। প্রথম উইকেটেই ৯৩ রান তুলে দিয়েছিল মুম্বই। ২২ বলে ৪৬ রান করেছিলেন উইল জ্যাক্স। বর্তমান ভারত অধিনায়ক সূর্যকুমার আজও ব্যর্থ। ৫ বল খেলে ৫ রান করেই আউট হয়ে যান সূর্য। নমন ধীর করেছেন ১৭ বলে ২২। অধিনায়ক হার্দিক করলেন ১৫ বলে ৩১ রান। কিন্তু যাঁর কথা না বললেই নয়, তিনি রায়ান রিকলটন। ৫৫ বলে ১২৩ রানের দুর্দান্ত একটি ইনিংস খেললেন রায়ান, যাতে ছিল ১০টি চার ও ৮টি বিশাল ছক্কা। এটাই আইপিএলে কোনও মুম্বই ব্যাটারির সর্বোচ্চ রান। তাঁর দাপটেই নির্ধারিত ২০ ওভারে ২৪৩ রান করে মুম্বই।
তবে ওয়াংখেড়ের পিচে এই রান যে যথেষ্ট নয়, তা প্রমান করলেন হায়দরাবাদের ব্যাটাররা। ৯ ওভারের মধ্যেই ১২৯ রানের গন্ডি ছুঁয়ে ফেলে হায়দরাবাদ। নবম ওভারের শেষ দুই বলে ওপেনার অভিষেক শর্মা (Abhishek Sharma) (৪৫) ও ঈশান কিষান (০) আউট হলেও পাল্টা আক্রমণ করতে থাকেন ট্র্যাভিস হেড (৭৬)। তাঁর উইকেটের পর দুরন্ত একটি ইনিংস খেললেন হেনরিখ ক্লাসেন। তাঁর ৩০ বলে ৬৫ রানের ইনিংসের সৌজন্যেই ৮ বল বাকি থাকতেই নির্ধারিত লক্ষ্যে পৌঁছতে সফল হয় সানরাইজার্স।
এই জয়ের ফলে সানরাইজার্স উঠে এল ৩ নম্বরে। ৯ ম্যাচে তাদের সংগ্রহ ১২ পয়েন্ট। অন্যদিকে ৮ ম্যাচে মাত্র ৪ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে মুম্বই। এখান থেকে প্লে অফ খেলতে গেলে মুম্বইকে বাকি ৬ ম্যাচের ৬টিতেই শুধু বড় ব্যবধানে জিতলে হবে না, তাকিয়ে থাকতে হবে বাকি দলগুলির পয়েন্ট নষ্টের দিকেও। কিন্তু বাকি দলগুলোর যা ফর্ম, এই বছর প্লে অফ আশা ত্যাগ করতে না হয় পল্টনদের।