Suvendu Adhikari at TMC Camp Office in Bhabanipur: সবাই অবাক, ভবানীপুরে তৃণমূলের ক্যাম্প অফিসে শুভেন্দু অধিকারী, খেলেন ঠান্ডা পানীয় – Bengali News | BJP Candidate Suvendu Adhikari visits TMC Camp Office in Bhabanipur, Drinks Soft Beverage
ভবানীপুরে তৃণমূলের ক্যাম্পে শুভেন্দু অধিকারী Image Credit: TV9 Bangla
কলকাতা: ভোটের দিনে ভবানীপুরে বড় চমক। তৃণমূলের ক্যাম্পে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। বুধবার বুথে বুথে ঘোরার সময় আচমকা তৃণমূলের একটি ক্যাম্প অফিসে ঢুকে পড়েন বিজেপি প্রার্থী। তৃণমূলের কর্মী সমর্থকদের সঙ্গে হেসে কথা বলেন। তাঁদের সঙ্গে হাত মেলান। সেই সময় তৃণমূলের এক কর্মী শুভেন্দুর দিকে ঠান্ডা পানীয় এগিয়ে দেন। সেই ঠান্ডা পানীয় খেয়ে হাসিমুখে তৃণমূলের ক্যাম্প অফিস থেকে বেরিয়ে যান ভবানীপুরের বিজেপি প্রার্থী।
ছাব্বিশের নির্বাচনে সবচেয়ে হাইভোল্টেজ কেন্দ্র ভবানীপুর। এই কেন্দ্রে একদিকে তৃণমূলের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। আর বিজেপি প্রার্থী করেছে বিধানসভার বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দুকে। সারা দেশের নজর রয়েছে এই কেন্দ্রের দিকে।
এদিন সকাল থেকে ভবানীপুরের বুথে বুথে ঘুরছেন শুভেন্দু। বুথে বুথে ঘোরার সময় কালীঘাট চত্বরে তাঁকে ঘিরে ধরেছিলেন তৃণমূলের মহিলা কর্মী-সমর্থকদের একাংশ। ওঠে ‘জয় বাংলা’ স্লোগান। সেইসময় ফোনে কেন্দ্রীয় বাহিনীকে ডাকেন বিজেপি প্রার্থী। সঙ্গে সঙ্গে পৌঁছয় কেন্দ্রীয় বাহিনী। শুভেন্দুর অভিযোগ, এলাকায় বহিরাগত ঢুকিয়েছে তৃণমূল।