Attack on Mitali Bag: মিতালির উপর হামলা ‘সাজানো ঘটনা’! পুলিশ রিপোর্টে বিস্ফোরক দাবি – Bengali News | Attack on Mitali Bag, police report says, inner clash, TMC leader arrested
মিতালির উপর আক্রমণের ঘটনায় তদন্ত রিপোর্টImage Credit: TV9 Bangla
হুগলি: মিতালি বাগের উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে প্রচারের শেষ দিনে উত্তপ্ত হয়ে ওঠে আরামবাগ। গাড়ির সামনের সিটে বসে রীতিমতো কান্নাকাটি করতে দেখা যায় তৃণমূল সাংসদকে। তাঁর গাড়ির কাচ কীভাবে ভেঙেচুরে দেওয়া হয়েছে, সেই ছবিও সামনে এসেছে। হাসপাতালে ভর্তি করা হয়েছে মিতালি বাগকে। এই পরিস্থিতির পর পুলিশ যে রিপোর্ট নির্বাচন কমিশনে দিয়েছে, তা বলছে অন্য কথা। গ্রেফতার করা হয়েছে তৃণমূলেরই এক কর্মীকে।
কমিশনের তরফে জানতে চাওয়া হয়, এদিন ঠিক কী হয়েছিল মিতালির সঙ্গে। পুলিশ সুপার প্রাথমিক রিপোর্টে জানান, এটা গোষ্ঠীকোন্দলের ঘটনা। আসলে তৃণমূলেরই লোক এই কাজ করেছে। এসপি রিপোর্টে ওই ঘটনাকে ‘সাজানো ঘটনা’ বলে উল্লেখ করা হয়। মিতালির উপর হামলার জন্য কোনও পরিকল্পনা করা হয়নি বলে উল্লেখ করা হয়েছে পুলিশ রিপোর্টে। আগেই এই বিষয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার।
জানা গিয়েছে, সোমবার শেষদিনের প্রচারে কাঁটালি থেকে কামারপুকুরের দিকে যাচ্ছিলেন বিজেপি প্রার্থী প্রশান্ত দিগার। অভিযোগ, সেই সময় তৃণমূলকর্মীরা বিজেপির ৬টি গাড়িতে ভাঙচুর চালায়। ইটবৃষ্টি করা হয়। তারপরই পাল্টা আক্রমণ করে বিজেপি। গোঘাটে মিতালি বাগের গাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ ওঠে। যাঁকে এই ঘটনায় গ্রেফতার করা হয়, তিনি নিজেকে তৃণমূলকর্মী বলে পরিচয় দিয়েছেন।