Self Lockdown: সকাল ১১টা থেকে ৩টে পর্যন্ত ‘সেল্ফ লকডাউন’! কে দিলেন এমন নির্দেশ? – Bengali News | ‘Self Lockdown’ from 11 AM to 3 PM: Keralam CM Pinarayi Vijayan Issued This Advisory, Why?
তিরুবনন্তপুরম: আবার করোনার মতো লকডাউন (Lockdown) ফিরছে? নির্দেশ নিয়ে জোর চাঞ্চল্য। তবে এটা কোনও লিখিত নির্দেশ নয়, বরং সেল্ফ লকডাউন (Self Lockdown) অর্থাৎ স্বেচ্ছায় লকডাউনে থাকতে বলা হচ্ছে। কিন্তু কেন হঠাৎ লকডাউনে থাকার কথা বলা হচ্ছে? কোথায়ই বা এই নির্দেশ দেওয়া হয়েছে।
এই নির্দেশ দিয়েছেন কেরলমের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন (Pinarayi Vijayan)। তিনি ১১টা থেকে ৩টে পর্যন্ত সেল্ফ-লকডাউনে থাকতে বলেছেন। তবে এর কারণ কোনও সংক্রমণ নয়। বরং তাপপ্রবাহ থেকে বাঁচতেই এই নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রীর অনুরোধ, তাপপ্রবাহ থেকে বাঁচতে সকাল ১১টা থেকে দুপুর ৩টে পর্যন্ত বাড়িতেই থাকতে বলেছেন।
ইতিমধ্যই কেরলমের একাধিক জেলার তাপমাত্রা ৪০ ডিগ্রি পার করে গিয়েছে। মৌসম ভবন পালাক্কড়, কোল্লাম ও ত্রিশূর সহ একাধিক জেলার জন্য তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকায়, অস্বস্তিকর গরম আরও বাড়ছে। তারফলে বহু মানুষ অসুস্থও হয়ে পড়ছেন।
মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জনগণকে সতর্ক করে বলেছেন যে দীর্ঘ সময় ধরে রোদে থাকলে, প্রচণ্ড গরমে গুরুতর অসুস্থ হয়ে পড়তে পারেন। সানস্ট্রোক থেকে মৃত্যুও পর্যন্ত হতে পারে। সেই সতর্ক করে মুখ্যমন্ত্রী অনুরোধ করেছেন যে প্রচণ্ড গরমে বাইরের কাজ এড়িয়ে যেতে। তিনি বলেন, “যদি হিটস্ট্রোকের মতো কোনও উপসর্গ অনুভব করেন, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। কাউকে অসুস্থ হয়ে পড়তে দেখলে তাদের সাহায্য করুন, ছায়ায় নিয়ে যান এবং শীতল হতে সাহায্য় করুন।”
সরকারের তরফে এই গরমে জনসভা, স্পোর্টস অ্যাক্টিভিটি বা প্যারেড নিষিদ্ধ করা হয়েছে। বাজি ফাটানোও নিষিদ্ধ করা হয়েছে, কারণ অতিরিক্ত গরমে আগুন লাগার ঝুঁকি তৈরি হয়। রাজ্য সরকার অফিস-সংস্থাগুলিকে তাদের কাজের সময়ও পরিবর্তন করার পরামর্শ দিয়েছে। বিশেষ করে যারা বাইরে কাজ করেন, তাদের কাজের সময় পরিবর্তন করতে বলা হয়েছে।